বেইজিং/তাইপে, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও স্বশাসিত তাইওয়ানকে মঙ্গলবার আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন। তবে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চীন বিরোধী প্রচারাভিযানে উত্তাল তাইওয়ান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন আগামী ২২ মার্চ। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা হবে কি হবে না-- এ প্রশ্নে একই দিন গণভোটও অনুষ্ঠিত হবে। তবে চীনসহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপান এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য তাইওয়ানকে সতর্ক করে আসছে।
বেইজিংয়ে পার্লামেন্টের বার্ষিক অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও জানান, যত দ্রুত সম্ভব তিনি আলোচনা শুরু করতে চান। তবে নির্ধারিত গণভোট হলে সম্পর্কের অবনতি হবে বলে তিনি তাইওয়ানকে সতর্ক করে দেন।
ওয়েন বলেন, "আমরা এক চীন নীতির ভিত্তিতে খুব দ্রুত শান্তি আলোচনা শুরুর আশা করছি। সব ধরনের সমস্যাই আলোচনার ভিত্তিতে মিমাংসা করা সম্ভব।"
'এক চীন' বলতে চীন তাদের মূল ভূখণ্ড ও তাইওয়ানের একক সার্বভৌমত্ব বুঝিয়ে থাকে। তবে আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে 'এক চীন' কে অযৌক্তিক বলে মনে করে তাইওয়ান।
ওয়েন আরও বলেন, "কেউ তাইওয়ানকে তাদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে চাইলে তা ব্যর্থ হবে।"
১৯৪৯ সালে গৃহযুদ্ধে হেরে যাওয়ার পর বিপ্লবী নেতা চিয়াং কাইশেক তাইওয়ানে পালিয়ে যান। এরপর থেকে তাইওয়ান স্বাধীনতা দাবি করে আসলেও চীন দ্বীপটির ওপর তাদের স্বার্ভভৌমত্ব দাবি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫০ ঘ.
bdnews24