কান্দাহার, আফগানিস্তান, মার্চ ১৭ (বিডিনউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চল হেলমান্দে সোমবার ন্যাটো বাহিনীর গাড়ি বহর লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী হামলায় দুই ড্যানিশ ও এক চেক ন্যাটো সেনাসহ এক দোভাষী এবং ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আফগানিস্তানে বিদেশি সেনা অবস্থানের প্রতি আফগান জনগণ এবং পশ্চিমাদের সমর্থনবন্ধের প্রচেষ্টায় তালেবানরা এ বছর আত্মঘাতী হামলা জোরদারের হুমকি দিয়েছে।
হেলমান্দ পুলিশ প্রধান মোহাম্মদ হুসেইন আন্দিওয়াল জানান, হামলাকারী একটি গাড়িতে করে এসে হেলমান্দের গিরিস্কের কাছে ন্যাটোর গাড়ি বহরটির ওপর হামলা চালায়। ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসটেন্স ফোর্স (আইএসএএফ) এর মুখপাত্র একথা বলেছেন।
মুখপাত্র ক্যাপ্টেইন ম্যাক গগ বলেন, "৪ আইএসএএফ সেনা, একজন দোভাষী, তিন আফগান নাগরিক হামলায় আহত হয়েছে।"
ড্যানিশ আর্মি সেন্টাল কমান্ড বলেছে, হামলায় দুই ড্যানিশ সেনা নিহত এবং একজন আহত হয়েছে। সেনারা একটি পুননির্মাণ প্রজেক্টে কাজ করার সময় আত্মঘাতী গাড়ি বোমা হামলার শিকার হয়। নিহত তৃতীয় সেনাটি একজন চেক সেনা। অপর দুই সেনা আহত হয়েছে বলে জানিয়েছে চেক প্রতিরক্ষামন্ত্রণালয়।
হেলমান্দে বেশির ভাগ বিদেশি সেনাই ব্রিটিশ। কিন্তু আরেকজন সেনা মখিপাত্র জানিয়েছেন, হামলায় কোনো ব্রিটিশ সেনা নিহত হয়নি। হেলমান্দে ব্রিটিশ সেনা ছাড়াও মার্কিন ও এস্তোনীয় সেনারা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৩৪ঘ.
bdnews24