মিত্রোভিসা, কসোভো, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কসোভোর সার্ব অধ্যুষিত অঞ্চলে শ শ সার্ব বিক্ষোভকারীর সঙ্গে সোমবার জাতিসংঘের পুলিশ ও ন্যাটোর শান্তিরক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে ইউক্রেনের এক জাতিসংঘ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
সংঘর্ষের ঘটনায় কসোভোয় শহরজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। কসোভো স্বাধীনতা ঘোষণা করার পর এ মুহূর্তেই সবচে খারাপ সময় যাচ্ছে। সংঘর্ষে ইউক্রেনি হতাহতের সংখ্যাও বাড়ছে। এ পরিসংখ্যান ১৪ থেকে ২০ এ উন্নীত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইউক্রেনের মন্ত্রনালয়।
মন্ত্রনালয় জানায়, কর্মকর্তাটি সোমবারের সংঘর্ষে দেহের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত পেয়ে নিহত হয়েছেন।
বিক্ষোভকারীরা এদিন জাতিসংঘের তিনটি যানবাহন ভাংচুর করে এবং সেগুলোর কমপক্ষে একটিতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।
সার্ব বিক্ষোভকারীদের কাছ থেকে মিত্রোভিসা শহরের একটি জাতিসংঘ আদালতকে দখলমুক্ত করতে জাতিসংঘের কয়েকশ পুলিশ এবং ন্যাটোভুক্ত ফরাসী সেনারা সেখানে গেলে শহরজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং ওই সংঘর্ষের সূত্রপাত হয়। শুক্রবার সেখানকার অল্পসংখ্যক নিরাপত্তারক্ষী হটিয়ে দিয়ে আদালত ভবনটি দখল করে নেয় জাতিগত সার্ব বিক্ষোভকারীরা।
আদালত ভবনে দখল পুনর্প্রতিষ্ঠা করে সেখান থেকে সার্বদের গেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা জাতিসংঘের গাড়িতে হামলা চালায় এবং কমপক্ষে ১০ সার্ব বন্দিকে মুক্ত করে নিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।
গত ১৭ ফেব্র"য়ারি কসোভোর জাতিগত আলবেনীয় সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট একতরফাভাবে সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতা ঘোষণার পর থেকেই উত্তরাঞ্চলে সংখ্যাগরিষ্ঠরা সার্বরা সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে আসছে।
১,২০,০০০ সার্ব অধ্যুষিত অঞ্চলটিতে কসোভোর নিয়ন্ত্রণ রক্ষার জন্য সেখানে প্রায় ১৬,০০০ ন্যাটো সেনা এবং কয়েকশ জাতিসংঘ পুলিশ মোতায়েন রয়েছে। এই শান্তিরক্ষা মিশনে ইউক্রেনের রয়েছে ১৫৫ জন পুলিশ এবং ১৮২ জন সেনা সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২১ ঘ.
bdnews24