ইসলামাবাদ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন 'ন্যাশনাল অ্যাসেম্বলি' বা 'জাতীয় পরিষদের' যাত্রা শুরু হয়েছে সোমবার। ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করে এ পার্লামেন্টের নেতৃত্ব দিতে যাচ্ছে গত ডিসেম্বরে সন্ত্রাসী হামলায় নিহত দুদফায় দেশটির প্রধানমন্ত্রী থাকা বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি। ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির ক্ষমতাদখলকারী বর্তমান প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রায় এক দশকের শাসনের ইতি টানতে পারে এ পার্লামেন্ট।
নতুন জাতীয় পরিষদের কার্যক্রম শুরু উপলক্ষে রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট ভবনকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সকালে নবনির্বাচিত সদস্যদের সঙ্গে পার্লামেন্টে এসে যোগ দেন সংখ্যাগরিষ্ঠ দল পাকিস্তান পিপলস পার্টি -পিপিপি'র শীর্ষ নেতা আসিফ আলি জারদারি এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরীফ। কিন্তু এ দুজনের কেউই নির্বাচন করতে না পারায় তারা প্রথমে দর্শক সারিতে বসে সদস্যদের শপথগ্রহণের অনুষ্ঠান দেখবেন এবং পরে গ্যালারিতে বসে উদ্বোধনী অধিবেশন দেখবেন।
নিয়মানুযায়ী, বিগত জাতীয় পরিষদের স্পিকার নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন। এরপর সদস্যরা নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করলে পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন শুরু হবে।
পার্লামেন্টে যোগ দিতে এসে পিপিপি নেতা জারদারি বলেছেন, "গণতন্ত্রের পথে এটা প্রথম পদক্ষেপ।" একইসঙ্গে এ নবযাত্রাকে "স্বৈরতন্ত্রের শেষ দিন বলেও" উল্লেখ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা নওয়াজ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুশাররফের ক্ষমতা দখলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, "১৯৯৯ সালের ১২ অক্টোবর মুশাররফ যে আঘাত হেনেছিলেন পাকিস্তানি জাতি আজ তা নস্যাৎ করে দিচ্ছে।"
সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পিপিপি-কেই সরকার গঠনের আহ্বান জানানো হবে এবং পিপিপি ও নওয়াজের নেতৃত্বাধীন মুসলিম লীগের চুক্তি অনুসারে তারা একটি জোট সরকার গঠন করতে যাচ্ছেন এসব বিষয় নিশ্চিত হলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি কে হবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী।
জারদারি পার্লামেন্ট সদস্য না হওয়ায় তার পক্ষে এখনই প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে পিপিপির উপনেতা বর্ষীয়ান রাজনীতিক মাখদুম আমিন ফাহিম ওই পদে আসছেন বলে জোর আলোচনা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেনি পিপিপি। ওদিকে, মুশাররফের সঙ্গে ফাহিমের সম্পর্ক নিয়ে নওয়াজের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে বলেও শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।
এ বিষয়ে সোমবার পার্লামেন্ট ভবনের বাইরে পিপিপির মুখপাত্র ফারজানা রাজা সাংবাদিকদের বলেছেন, "প্রধানমন্ত্রীত্ব ইস্যুতে আলোচনা শেষ হয়ে গেছে। জারদারি খুব শিগগিরই নাম ঘোষণা করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০৮ ঘ.
bdnews24