ওয়াশিংটন, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ইতালীয় রেস্তোরাঁয় শনিবার রাতের বোমা বিস্ফোরণে আহত পাঁচ মার্কিনির মধ্যে চারজনই যুক্তরাষ্ট্রের 'ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন' বা 'এফবিআই' এর এজেন্ট বলে রোববার জানিয়েছে সংস্থাটি।
এফবিআই'র মুখপাত্র রিচার্ড কলকো বলেছেন,"পাকিস্তানে বোমা হামলায় এফবিআই এর চারজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। এফবিআই আমাদের কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।"
মুখপাত্র কলকো এর চেয়ে বেশি কিছু জানাননি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ সম্বন্ধে কোন মন্তব্য পাওয়া যায়নি।
শনিবার রাতে রেস্তোরাঁটির বাগানে বসে লোকজন আহার করার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে। বোমাটি বাগানে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় এক তুর্কি নারী নিহত এবং পাঁচ মার্কিনি, এক ব্রিটিশ, এক কানাডীয় ও এক জাপানিসহ মোট ১১ জন আহত হয়েছে।
ইসলামাবাদের এই রেস্তোরাঁটি বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
এবিসি নিউজ একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীদের সনাক্ত করতে এবং এফবিআই এজেন্টরা ওই সময়ে রেস্তোরাঁতে থাকবে এই তথ্য তারা কোত্থেকে পেল তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২১৩ ঘ.
bdnews24