২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েন জিয়াবাও দ্বিতীয় দফায় চীনের প্রধানমন্ত্রী

ওয়েন জিয়াবাও-কে রোববার দ্বিতীয় দফায় দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে চীনের পার্লামেন্ট। হু জিনতাও- কে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত করার পরদিন পার্লামেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়ে জিনতাও-জিয়াবাও জুটি আরেক মেয়াদে দেশের শাসন ক্ষমতায় নিজেদের অবস্থান নিশ্চিত করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

বেইজিং, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওয়েন জিয়াবাও-কে রোববার দ্বিতীয় দফায় দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে চীনের পার্লামেন্ট। হু জিনতাও- কে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত করার পরদিন পার্লামেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়ে জিনতাও-জিয়াবাও জুটি আরেক মেয়াদে দেশের শাসন ক্ষমতায় নিজেদের অবস্থান নিশ্চিত করলেন। শাসন ক্ষমতায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের ইঙ্গিত হিসেবে শনিবার এক তরুণ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করার পাশাপাশি রোববার চীনের সামরিক নীতি নির্ধারণী সর্বোচ্চ কমিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে অপেক্ষাকৃত তরুণ দুজন সেনা কর্মকর্তাকে। চীনা কমিউনিস্ট পার্টির তৃতীয় সর্বোচ্চ নেতা ওয়েন জিয়াবাও পার্লামেন্ট সদস্যদের ২,৯২৬ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। ২১জন সদস্য তার বিপক্ষে ভোট দেন এবং ১২ জন ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন। একইদিনে দেশের প্রধান বিচারপতি হিসেবে ওয়াং শেংগুয়ান এবং শীর্ষ সরকারি কৌসুলি হিসেবে কাও জিয়ানমিন এর মনোনয়ন অনুমোদন করে পার্লামেন্ট। ওদিকে, পিপলস লিবারেশন আর্মির দুই তরুণ জেনারেল জু চাইহো এবং গুয়ো বক্সিয়োং-কে সামরিক নীতি নির্ধারক সর্বোচ্চ কমিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেছে পার্লামেন্ট। চীনের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জি জিংপিং-কে যদি একইসঙ্গে ওই সামরিক কমিশনেরও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হত তাহলে তিনি হতে পারতেন প্রেসিডেন্ট হু জিনতাও এর প্রায় 'ছায়া উত্তরসূরী'। কেননা জিনতাও একইসঙ্গে দেশের প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টির প্রধান এবং ওই কমিশনের প্রধান হিসেবে সামরিক বাহিনীরও সর্বোচ্চ নেতা। তবে সামরিক কমিশনের নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত ছিলেন না জিংপিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৫ ঘ.