দামেস্ক, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সিরিয়ার তারতৌস প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় শুক্রবার ২৩ শিক্ষার্থী নিহত হয়েছে। প্রমোদ ভ্রমণে যাওয়ার সময়ে শিক্ষার্থীদের বহনকারী বাস একটি বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনা ঘটে।
উপকূলীয় অঞ্চলের দুর্গম পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পার্শ্ববর্তী একটি বাড়িতে আঘাত হানে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দুর্ঘটনার সময় ঘরে অবস্থানকারী ওই বাড়ির মালিকও নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী এবং এদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন,"বাসটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল এবং বাঁক ঘোরার সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।"
সিরিয়ার বিশেষ করে প্রদেশগুলোর সঙ্গে কেন্দ্রের সংযোগ সড়কগুলো খুবই বিপজ্জনক এবং এসব স্থানে সড়ক দুর্ঘটনার ঘটনাও অনেক বেশি।
সর্বশেষ তথ্য অনুযায়ী শুধু ২০০৬ সালেই সিরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৩ শ' লোক নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৬২৮ ঘ.
bdnews24