২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে সংযত থাকার আহ্বান ইইউ-যুক্তরাষ্ট্রের

তিব্বতের রাজধানী লাসায় ছড়িয়ে পড়া বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভ-সহিংসতা দমনে চীনকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইইউ ও যুক্তরাষ্ট্র। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা এবং মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র সিয়ান ম্যাককরম্যাক একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ব্রাসেলস, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তিব্বতের রাজধানী লাসায় ছড়িয়ে পড়া বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভ-সহিংসতা দমনে চীনকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইইউ ও যুক্তরাষ্ট্র। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা এবং মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র সিয়ান ম্যাককরম্যাক একথা জানিয়েছেন। কুচনা সাংবাদিকদের বলেন, "আমরা চীন কর্তৃপক্ষকে সংযত থাকার এবং মানবাধিকার অক্ষুন্ন রাখার অনুরোধ জানাচ্ছি। ইউরোপীয় কাউন্সিল এবং ২৭ টি সদস্য দেশ একযোগে এর তীব্র নিন্দা জানাচ্ছে।" অন্যদিকে, চীনে মার্কিন রাষ্ট্রদূত ক্লার্ক রান্ত শুক্রবার চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদেরকে তিব্বত বিক্ষোভ সামাল দেওয়ায় সংযম প্রদর্শনের আহ্বান জানান। ওদিকে, ব্রাসেলসে দুদিনের সম্মেলন শেষে ইইউ নেতাদের এক বিবৃতিতে তিব্বতে গ্রেপ্তার হওয়া ভিক্ষুদের মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, " তিব্বতে যা ঘটছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন।" ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেন, "এখানে দুটো কথা বলার আছে। প্রথমত, সংশ্লিষ্ট সব পক্ষকেই সংযত থাকতে হবে এবং দ্বিতীয়ত, সামনের দিনগুলোতে বস্তুনিষ্ঠ আলোচনাই একমাত্র পথ।" অন্যদিকে, ম্যাকরম্যাক সাংবাদিকদের বলেছেন, " লাসায় যা চলছে তার পরিপ্রেক্ষিতে ক্লার্ক চীনের সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীকে সংযত থাকার আহ্বান জানানোর পাশাপাশি বিক্ষোভ সামাল দিতে শক্তি প্রয়োগ না করারও অনুরোধ জানিয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৩ঘ.