২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের আগুনে জ্বলছে তিব্বতের লাসা, দুইজন নিহত

তিব্বতের রাজধানী লাসায় ছড়িয়ে পড়েছে বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভ। শুক্রবার দোকানপাট ও যানবাহনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ভিক্ষুরা। এছাড়া স্বাধীনতার দাবিতে স্লোগান দিয়ে সমাবেশও করেছে তারা। রাজপথ থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত পাহাড়ি এলাকাতেও। বিক্ষোভ-সহিংসতায় কমপক্ষে ২ জন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

বেইজিং, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/)- তিব্বতের রাজধানী লাসায় ছড়িয়ে পড়েছে বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভ। শুক্রবার দোকানপাট ও যানবাহনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ভিক্ষুরা। এছাড়া স্বাধীনতার দাবিতে স্লোগান দিয়ে সমাবেশও করেছে তারা। রাজপথ থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত পাহাড়ি এলাকাতেও। বিক্ষোভ-সহিংসতায় কমপক্ষে ২ জন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। প্রায় দুই দশকের মধ্যে তিব্বতি ভিক্ষুদের সবচেয়ে বড় এই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চীন। নিরাপত্তা বাহিনীও কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে কঠোর হাতে বিক্ষোভ দমন করছে। তিব্বতের এক অধিবাসী টেলিফোনে রয়টার্সকে বলেন, "এখন চারিদিকে কেবল বিশৃঙ্খলা। মানুষ কার, বাস মটর সাইকেল সামনে যা পাচ্ছে তাতেই আগুন দিচ্ছে।" তিনি আরও বলেন, "সব দিকে ধোঁয়া আর ধোঁয়া। বিক্ষুব্ধ লোকজন পাথর ছুঁড়ে জানালার কাঁচ ভাঙছে। আমরা খুবই ভীত-সন্ত্রস্ত।" অন্য একজন আদিবাসী তিব্বতি বলেন, "দিকে দিকে প্রতিবাদ প্রতিরোধ ছড়িয়ে পড়েছে। বৌদ্ধ ভিক্ষুরা এখন আর একা নয়। তাদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দিয়েছে।" কেউ কেউ বলছেন, তারা রাস্তায় দাঙ্গা পুলিশের লম্বা লাইন দেখেছেন। সামনের দিনগুলোতে কি ঘটে তা দেখার অপেক্ষায় আছে সবাই। অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। এ সপ্তাহে তিব্বতের লাসায় বৌদ্ধ ভিক্ষুরা বিক্ষোভ করেছে বলে স্বীকার করেছে চীন। সপ্তাহের শুরুর দিকে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়, প্রায় ৬শ ভিক্ষু বিভিন্ন বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। বিক্ষুব্ধ তিব্বতিদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোঁড়াসহ গুলি চালায়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ১৯৮৯ সালের বিক্ষোভের পর এটিই সবচে বড় বিক্ষোভ। তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যূত্থানের ৪৯ বছর পূর্তি উৎসব পালন করা থেকেই বিক্ষোভের সূত্রপাত। গত দুদিনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লাসার বাইরেও। অলিম্পিক গেমস শুরুর ঠিক আগে এই ঘটনায় ধারণা করা হচ্ছে, বিশ্বের দৃষ্টি এখন চীনের দিকে...., একথা জেনেই এই মুহূর্তকে নিজেদের অধিকার আদায়ের কাজে লাগাতে বদ্ধপরিকর হয়েছে ভিক্ষুরা। লন্ডন-ভিত্তিক তিব্বতি গ্র"প 'ফ্রি টাইবেট ক্যাম্পেইন' এর সদস্য ম্যাট হুইট্টিকেস রয়টার্সকে একথা বলেছেন। চীনের অন্যান্য প্রদেশের বিক্ষোভ এমনকি ভারতে সংঘঠিত বিক্ষোভ থেকেও লাসায় তিব্বতিরা আরও বেশি বিক্ষোভে ফুঁসে উঠছে। অন্য একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, "লাসার রাস্তায় বিক্ষোভরত বৌদ্ধ ভিক্ষুদের ছত্রভঙ্গ করতে চীনা নিরাপত্তা কর্মকর্তারা টিয়ারগ্যাস ছোঁড়ে। বিক্ষোভকারীরা এসময় তিব্বতি পতাকা ওড়ানোর দায়ে আটক প্রায় ডজনখানেক ভিক্ষুর মুক্তি দাবি করে এবং স্বাধীনতাপন্থী স্লোগান দেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৪৫ ঘ.