মসুল, ইরাক, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের মসুল শহরে চালডিয়ান ক্যাথলিক আর্চবিশপকে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১০ লাখ মার্কিন ডলার দাবি করেছিল। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন।
ক্যাথলিক আর্চবিশপ পাওলোস ফারাজ রাহহোকে গত ২৯ ফেব্র"য়ারি অপহরণ করা হয়। বন্দুকধারীরা তার গাড়ি আটকে ড্রাইভার ও দুই দেহরক্ষীকে হত্যা করে তাকে অপহরণ করেছিল।
গত বৃহস্পতিবার মসুলের একটি ফাঁকা জায়গায় রাহহোর মৃতদেহ পাওয়া যায়। শুক্রবার তার শেষকৃত্যানুষ্ঠান হওয়ার কথা।
ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকি আর্চবিশপকে হত্যার জন্য আল-কায়েদাকে দায়ী করেছে।
নিনাভেহ প্রদেশ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার খালিদ আব্দুল সাত্তার বলেন, "প্রাপ্ত তথ্য থেকে আমরা জানতে পেরেছি, আপহরণকারীদের সঙ্গে আর্চবিশপের পরিবারের সদস্যদের কথা হয়েছিল এবং আপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১০ লাখ মার্কিন ডলার দাবি করেছিল।"
বাগদাদের কার্ডিনাল ইমানুয়েল তৃতীয় ডেলির এক সহযোগী অ্যান্ড্রো আবুনা জানিয়েছেন, অপহরণকারীদের সঙ্গে খ্রিস্টান কর্মকর্তাদেরও কথা হয়েছিল তবে মুক্তিপণ সম্পর্কে তিনি কিছু জানেন না।
মার্কিন বাহিনী জানিয়েছে, তারাও মুক্তিপণ সম্পর্কে কিছু জানে না। তবে উত্তর ইরাকের মার্কিন কমান্ডাররা জানিয়েছেন, অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে থাকতে পারে।
আবুনা জানান, বৃহস্পিতবার মসুলে চার্চে ফোন করে তাদের জানানো হয়েছিল রাহহো মারা গেছেন। তবে কে ফোন করেছিল তা তিনি জানেন না।
তিনি আরও জানান, চার্চের সদস্যরা একটি ফাঁকা জায়গায় মাটির ভেতর অর্ধেক পুঁতে রাখা অবস্থায় রাহহোর মৃতদেহ দেখতে পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24