ওয়াশিংটন, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গোয়েন্দা বিল নিয়ে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সঙ্গে সমঝোতার পর ওই বিল নিয়ে বিরল এক গোপন অধিবেশনে বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদ। ওই সমঝোতার পর ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে এ বিষয়ে বৃহস্পতিবারের পূর্ব নির্ধারিত ভোটগ্রহণ বাতিল করা হয়। গত ২৫ বছরের মধ্যে এটিই কোনো বিষয়ে প্রতিনিধি পরিষদের প্রথম গোপন অধিবেশন।
ডেমোক্র্যাটদের প্রস্তাবিত গোয়েন্দা বিলটিতে ১৯৭৮ সালের 'ফরেইন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যাক্ট' নবায়নের কথা বলা হয়েছে। একইসঙ্গে ১১ই সেপ্টেম্বরের হামলার পর আদালতের অনুমোদনহীনভাবে নাগরিকদের ফোনালাপে আড়িপাতার অভিযোগ থেকে ফোন কোম্পানিগুলোকে অব্যাহতি দিতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অনুরোধ বাতিল করা হয়েছে।
রিপাবলিকান হুইপ রয় ব্লান্ট বলেন, ডেমোক্র্যাটদের প্রস্তাবিত বিলটি কিভাবে সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টা বাধাগ্রস্ত করছে এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে সে সম্পর্কে প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে একান্ত আলোচনা চান তিনি।
রয় ব্লান্ট বলেন, "১৯৭৮ সালের 'ফরেইন ইন্টেলিজেন্স সার্ভাইলেন্স অ্যাক্ট' কিভাবে কাজ করে এবং ডেমোক্র্যাটদের প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে কিভাবে আইনটির প্রয়োগ বাধাগ্রস্ত হবে ও তা কার্যকারিতা হারাবে....কেবলমাত্র একটি গোপন অধিবেশনে বসেই আমার সহকর্মীদের কাছে তা প্রকাশ করতে পারি আমি।"
রিপাবলিকান হুইপের এ প্রস্তাবকে বিলটির অনুমোদন বিলম্বিত করার চেষ্টা বলে অনেক ডেমোক্র্যাট সদস্য সংশয় প্রকাশ করলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতেই গোপন অধিবেশনে বসার সিদ্ধান্ত হয়।
১৯৮৩ সালের পর প্রতিনিধি পরিষদের প্রথম গোপন অধিবেশনের পরপরই শুক্রবার ওই বিলের ওপর ভোট গ্রহণের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24