দুবাই, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিন দিনের মধ্যে আলজেরিয়া এবং তিউনিসিয়ার কারাগারে বন্দি আল কায়েদা সদস্যদের মুক্তি নিশ্চিত করার জন্য অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যথায় তিউনিসিয়া থেকে অপহৃত অস্ট্রিয়ার দুই জিম্মিকে হত্যা করা হবে বলে বৃহস্পতিবার হুমকি দিয়েছে আল কায়েদা।
একটি ইসলামিক ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে আল কায়েদা জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে তিন দিনের এই সময়সীমা শুরু হবে।
আল কায়েদা অজ্ঞাত মধ্যস্থতাকারীর মাধ্যমে ভিয়েনাতে তাদের এ দাবি ও কারাবন্দী সদস্যদের নামের তালিকা পাঠিয়েছে। সেই সঙ্গে আল কায়েদার কাছে জিম্মি থাকা দুই অস্ট্রীয় নাগরিকের ছবিও পাঠিয়েছে সংগঠনটি।
ওই ছবি অপহৃত দুই অস্ট্রীয় আন্দ্রিয়া কোইবার (৪৩) ও উলফগ্যাঙ এবনার (৫১) এর বলে চিহ্নিত করেছে দেশটির গণমাধ্যম।
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরসুলা প্লাসনিক জানান, জিম্মিদের ছাড়িয়ে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু তাদের দাবি ভিয়েনার আওতা বহির্ভূত।
আল কায়েদা বলেছে,"বেধে দেয়া সময় অনুযায়ী যদি আমাদের দাবি মানা না হয় তবে ওই দুই জিম্মির জীবনের জন্য অস্ট্রিয়া দায়ি থাকবে।"
দলটি আরও বলেছে," তোমরা যেমন তোমাদের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে চিন্তিত, আমরা তেমনি আলজেরিয়া ও তিউনিসিয়ার কারাগারে দুর্বিষহ নির্যাতনের স্বীকার আমাদের ভাইদের বিষয়ে চিন্তিত।"
চরমপন্থী দলটি আরও জানায়, " আমরা জিম্মিদের পরিবার ও জনগণকে তাদের সরকারকে আমাদের দাবি মেনে নেয়ার জন্য চাপ প্রয়োগ করার আহ্বান করছি।"
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, আল-কায়েদার এ দাবি ভিয়েনার কাছে এসে পৌঁছেছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন," অস্ট্রিয়ার প থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তবে তাদের রাজনৈতিক দাবি দাওয়া পূরণ করার দায়িত্ব অস্ট্রিয়ার না।"
তিনি আরও বলেন,"অস্ট্রিয়া দুই জিম্মিকে ফেরত আনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪৭ ঘ.
bdnews24