লন্ডন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/রয়টার্স) - লন্ডনের হিথ্রো বিমানবন্দরের রানওয়েতে ব্যাগ হাতে দৌড়ানো একজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এক মুখপাত্র বলেন, "দুপুর ২টা পাঁচ মিনিটে উত্তরদিকের রানওয়েতে এক ব্যক্তিকে দেখা যায়। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে এখন পুলিশের হেফাজতে আছে।" তবে এর সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে এড়িয়ে যান তিনি।
মুখপাত্র বলেন, "একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে এবং অবশ্যই তা পরীক্ষা করা হবে।"
স্প্যানিশ প্রতিষ্ঠান ফেরোভিয়াল এর মালিকানাধীন বিমানবন্দর অপারেটর বিএএ এর একজন মুখপাত্র বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে জেনেছেন এবং বিস্তারিত খবর নিচ্ছেন।
ব্রিটিশ এয়ারওয়েজের মুখপাত্র জানান, এ ঘটনায় মূলত ছোট ফ্লাইটগুলোর সময়সীমা নিয়ে সমস্যা হবে। "কিছু ফ্লাইট বাতিল করতে হবে, তবে কতগুলো তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।"
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরটি অতিরিক্ত তৃতীয় রানওয়ে ও ষষ্ঠ টার্মিনাল খোলার পরিকল্পনা করেছে। এর বিরোধিতা করছে পরিবেশবাদীরা। গত মাসে বিমানবন্দর বাড়ানোর এ পরিকল্পনার বিরোধিতা করে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারী সংগঠনগুলো আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে।
এদিকে, আগামী সপ্তাহে বিমানবন্দরের পঞ্চম টার্মিনাল চালু হচ্ছে।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/টিএইচ/এলকিউ/২২০৬ঘ.
bdnews24