২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান ন্যাটো বাহিনী ৪ গ্রামবাসীকে হত্যা করেছে: পাকিস্তান

আফগানিস্তানে মোতায়েন ন্যাটোর নেতৃত্বাধীন সেনারা পাকিস্তানের চার গ্রামবাসীকে হত্যা করেছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে। সীমান্তের ওপার থেকে কামানের গোলা বর্ষণ করে ন্যাটো সেনারা এ হত্যাকাণ্ড চালিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র এ অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ইসলামাবাদ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মোতায়েন ন্যাটোর নেতৃত্বাধীন সেনারা পাকিস্তানের চার গ্রামবাসীকে হত্যা করেছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে। সীমান্তের ওপার থেকে কামানের গোলা বর্ষণ করে ন্যাটো সেনারা এ হত্যাকাণ্ড চালিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র এ অভিযোগ করেছেন। মঙ্গলবারের ওই ঘটনা সম্পর্কে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বলেন, "আমাদের ভূখণ্ডে তারা পাঁচ রাউন্ড গোলা বর্ষণ করে। এতে একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং দুই নারী ও দুই শিশুর প্রাণহানি হয়।" তিনি বলেন, কামানের গোলায় ধ্বংস হওয়া বাড়িটির অবস্থান পাকিস্তানের দুই কিলোমিটার ভেতরে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধের অন্যতম মিত্র পাকিস্তান আফগানিস্তান থেকে তাদের প্রত্যন্ত সীমান্ত এলাকায়, বিশেষ করে উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গি অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধে পাকিস্তান সরকারের সমর্থন দেওয়া নিয়ে ক্ষুব্ধ অনেক পাকিস্তানি। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের হুকুম পালন করছে সরকার। এমন প্রেক্ষাপটে সীমান্ত পেরিয়ে হামলা চালানোর ঘটনাগুলো পাকিস্তানিদের মধ্যে জন্ম দেয় ব্যাপক ক্ষোভের। মঙ্গলবার চার গ্রামবাসীর হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার কয়েকশত পাকিস্তানি বিক্ষোভ করেছে আফগান সীমান্তবর্তী বাজুয়ার আদিবাসী এলাকায়। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একটি ইসলামি দলের নেতা হারুন-উর-রশিদ বলেন, "এ সবই হচ্ছে আমাদের দুর্বলতার জন্য। তারা আমাদের লোকদের হত্যা করছে। কিন্তু তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে আমরা সব সময়ই যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। এটা একটা লজ্জা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২২ ঘ.