২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাওবাদীদের হামলায় ১০ জন আহত

নেপালের একটি প্রভাবশালী রাজনৈতিক দল বৃহস্পতিবার জানিয়েছে, পূর্ব নেপালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে সাবেক মাওবাদী গেরিলারা। এতে এক প্রার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 09:48 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

কাঠমান্ডু, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের একটি প্রভাবশালী রাজনৈতিক দল বৃহস্পতিবার জানিয়েছে, পূর্ব নেপালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে সাবেক মাওবাদী গেরিলারা। এতে এক প্রার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। নেপালের নতুন সংবিধান তৈরির লক্ষ্যে আগামী ১০ এপ্রিল গণপরিষদের নির্বাচন। ২০০৬ সালের এক শান্তি চুক্তি অনুসারে দশকব্যাপী সশস্ত্র আন্দোলন শেষে মূলধারার রাজনীতিতে প্রবেশকারী সাবেক মাওবাদী গেরিলাদের অন্যতম দাবি সংবিধান পরিবর্তনের লক্ষ্যে আসন্ন এ নির্বাচন। কমিউনিস্ট ইউএমএল পার্টি জানিয়েছে, পূর্ব নেপালের রামিচ্চাপ জেলার প্রত্যন্ত প্রীতি গ্রামে একটি নির্বাচনী সমাবেশের আয়োজনরত নেতা-কর্মীদের ওপর বুধবার মাওবাদীরা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার কাঠমান্ডুতে ইউএমএল নেতা অমৃত কুমার রোহারা সাংবাদিকদের বলেন, "প্রথমে তারা একটি পাহাড়ের পাশ থেকে আমাদের নেতাদের ওপর পাথর নিক্ষেপ করে। এরপর তারা লাঠিপেটা করে এক প্রার্থীসহ ১০-১২ জনকে আহত করে।" তিনি বলেন, "এটা একটা মারাত্মক ঘটনা। মাওবাদীরা তাদের সহিংস কর্মকাণ্ড এবং রাজনৈতিক কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে।" কূটনীতিক এবং বিশ্লেষকরা মনে করছেন, এপ্রিলের নির্বাচনের প্রধান ঝুঁকি সাবেক মাওবাদীদের ভয়-ভীতি প্রদর্শন। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে শক্তি প্রদর্শনের যে কোনো কৌশল নির্বাচনের ফলকে কম বিশ্বাসযোগ্য করে তুলবে। ওদিকে, মাওবাদীদের এক ঊর্ধ্বতন নেতা দিনানাথ শর্মা বলেছেন, ওই ঘটনা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, অতীতে অন্যান্য এলাকায় ইউএমএল এর কর্মীরা মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। জাতিসংঘ বলছে, প্রচারাভিযানের সময় যে কোনো ধরনের অনিয়ন্ত্রিত সহিংসতা নির্বাচন এবং ভোটারদের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৪৮ ঘ.