২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকে থাকার শেষ লড়াইয়ের মুখে মুশাররফ

পাকিস্তানে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন, অজনপ্রিয় এবং সেনাবাহিনীর নেতৃত্বহীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এখন প্রতিপক্ষের মিলিত শক্তির কাছে ক্ষমতায় টিকে থাকার শেষ লড়াইয়ের মুখোমুখি হয়েছেন। আগামী সপ্তাহে পাকিস্তানে জাতীয় পরিষদের প্রথম অধিবেশনেই এই চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন মুশাররফ। এ অবস্থায় তিনি আর কতদিন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে টিকে থাকতে পারবেন সেটিই এখন প্রশ্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ইসলামাবাদ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন, অজনপ্রিয় এবং সেনাবাহিনীর নেতৃত্বহীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এখন প্রতিপক্ষের মিলিত শক্তির কাছে ক্ষমতায় টিকে থাকার শেষ লড়াইয়ের মুখোমুখি হয়েছেন। আগামী সপ্তাহে পাকিস্তানে জাতীয় পরিষদের প্রথম অধিবেশনেই এই চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন মুশাররফ। এ অবস্থায় তিনি আর কতদিন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে টিকে থাকতে পারবেন সেটিই এখন প্রশ্ন। নভেম্বর মাসে জরুরি অবস্থা জারি করে মুশাররফ যেসব বিচারককে বরখাস্ত করেছিলেন তাদের পুনর্বহাল করা পাকিস্তানের আসন্ন জোট সরকারের অন্যতম লক্ষ্য। দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার বাধা সরাতেই মুশাররফ ওইসব বিচারককে বরখাস্ত করে অনুগতদের দিয়ে সেসব শূণ্য আসন পূরণ করেছিলেন বলেই অনেকের ধারণা। ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে মুশাররফ সমর্থিত দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-কিউ) তৃতীয় হয়েছে। যেখানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সবচেয়ে বেশি আসনে এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয়ী হয়। মুশাররফের আহ্বানে আগামী সোমবার জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বসার কথা। এর প্রাক্কালে গত রোববার পিপিপির কো-চেয়ারম্যান বেনজিরের স্বামী আসিফ আলি জারদারি এবং নওয়াজ শরিফ জোট সরকার গঠনের পাশাপাশি বরখাস্ত হওয়া বিচারকদের পুনর্বহালেও রাজি হয়েছেন। এই প্রথম পাকিস্তানের প্রধান দুটি দল একজোট হয়েছে। তারা চাইলে অন্যান্য ছোট দলগুলোকে নিয়ে মুশাররফকে ইমপিচ করতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোটারের সমর্থন সহসাই পেয়ে যাবেন বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। নাসিম জেহরা নামের এক স্বতন্ত্র বিশ্লেষক মনে করছেন, বিচারকদের পুনর্বহালের পদক্ষেপে বাধা দিতে পারেন মুশাররফ। কিন্তু রাজনৈতিক ও সাংবিধানিক শক্তির অভাবে তা তেমন কাজে নাও আসতে পারে। পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে সরকার বরখাস্ত করার অধিকার মুশাররফের থাকলেও বিশ্লেষকরা মনে করছেন, মুশাররফ ওই ক্ষমতা প্রয়োগ করলে রাজপথে সৃষ্টি হতে পারে ব্যাপক গণবিক্ষোভ। তাই মুশাররফের ওই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসতে থাকায় পাকিস্তানিদের এখনকার প্রশ্ন কত দিন ক্ষমতায় থাকতে পারবেন মুশাররফ? বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধে সমর্থন দিলেও মুশাররফ সে বিষয়ে পাকিস্তানিদের মন জয় করতে পারেননি। এছাড়া, প্রেসিডেন্সি বহাল রাখতে বিচারকদের বরখাস্ত করে বিচারবিভাগকে করে ফেলেছেন বিতর্কিত। এমন পরিস্থিতিতে নতুন সরকারের সঙ্গে নমনীয় আচরণ না করলে তার জন্য ক্ষমতা ধরে রাখা খুবই কষ্টকর হবে । শাফকাত মাহমুদ নামের এক বিশেষজ্ঞ বলেন, "একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে। এতে প্রধান রাজনৈতিক দলগুলো একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় একমত হয়েছে। আর এজন্য আমি মনে করে মুশাররফের এখনই ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।" বিশ্লেষকরা আরও মনে করছেন, মুশাররফ তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি অনুধাবন করতে পেরেছেন এবং অবসরে যাওয়ার সহজ পন্থা নিয়ে আলাপ-আলোচনা করার কথাও হয়তো চিন্তা-ভাবনা করছেন। জরিপ সংস্থা গ্যালাপ পাকিস্তানের চেয়ারম্যান ইজাজ শাফি জিলানি মনে করছেন, মুশাররফের পদত্যাগ আসন্ন। তিনি বলেন, "আমি এখনও মনে করছি এটা হতে কয়েক দিন বা সপ্তাহ লাগতে পারে।" তবে মুশাররফের অনুগতরা মনে করছেন, নতুন জোটের শরীকদের মধ্যে শিগগিরই ভাঙন শুরু হবে এবং মুশাররফের অবস্থান সংহত হবে। কিন্তু অধিকাংশ বিশ্লেষক তা মনে করছেন না। তাদের বিশ্বাস, প্রথমত মুশাররফকে ক্ষমতা ছাড়তে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/২০০৮ ঘ.