ইন্ডিয়ানাপোলিস, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় মুসলিম হিসেবে কংগ্রেস সদস্য নির্বাচিত হলেন আন্দ্রে কারসন। ইন্ডিয়ানা রাজ্যে ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটারদের ৫৫ ভাগের সমর্থন পেয়ে মঙ্গলবার তিনি নির্বাচিত হন।
৩৩ বছর বয়সী কারসন ইন্ডিয়ানাপোলিস সিটি কাউন্সিলের নির্বাচিত সদস্য। প্রায় একদশক আগে ধর্মান্তরিত হয়ে তিনি ইসলামধর্ম গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদের ইন্ডিয়ানা রাজ্যের রাজধানীর ওই আসনটিতে একটি বিশেষ নির্বাচনের মাধমে তিনি নির্বাচিত হন। ওই আসনের নির্বাচিত কংগ্রেস সদস্য জুলিয়া কারসন প্রায় ১১ বছর কংগ্রেস এ পদে দায়িত্ব পালনের পর ২০০৭ সালের ডিসেম্বরে মারা যাওয়ায় ওই আসনে পুননির্বাচন দেওয়া হয়।
আন্দ্রে কারসন ডেমোক্র্যাট দলের প্রতিনিধি জুলিয়া কারসনের নাতি। ২০০৮ সালের বাকী সময়টুকু ওই আসনে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন কারসন।
এ বছরের মে মাসে অনুষ্ঠেয় ডেমোক্র্যাট দলের প্রাইমারিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কারসন। নভেম্বরের নির্বাচনে আগামী পুরো দুই বছর মেয়াদের জন্য ওই আসন থেকে কে মনোনীত হবেন তা নির্ধারিত হবে ওই প্রাইমারিতে।
কারসন নির্বাচিত হওয়ার আগপর্যন্ত দেশটির একমাত্র এবং প্রথম মুসলিম কংগ্রেস সদস্য মিনেসোটা রাজ্যের কেইথ এলিসনও একজন ডেমোক্র্যাট। কেইথ এলিসন এখন তার প্রথম মেয়াদের দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে কারসন একজন সফল বিপনন বিশেষজ্ঞ। তিনি 'কনকর্ডিয়া ইউনিভার্সিটি উইসকনসিন' থেকে 'ক্রিমিনাল জাস্টিস ম্যানেজমেন্ট' এ স্নাতক ডিগ্রি এবং 'ইন্ডিয়ানা ওয়েসলিয়ান ইউনিভার্সিটি' থেকে 'মাস্টার্স অফ বিজনেস ম্যানেজমেন্ট' ডিগ্রি লাভ করেন।
কারসনের স্ত্রীর নাম মরিয়ামা শাহেদ। একমাত্র মেয়ে সালিমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০০ ঘ.
bdnews24