গৌহাটি, ভারত, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভুটানে প্রথম পার্লামেন্ট নির্বাচনের আগে নেপালি আদিবাসী বিদ্রোহিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভুটানে এ মাসে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন বানচালের চেষ্টা যাতে বিদ্রোহিরা না করতে পারে এজন্য ভুটানের সঙ্গে তাদের ৪০০ কিলোমিটার সীমান্তে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এছাড়া সীমান্তে টহল জোরদার করতে দুদেশের বাহিনীই একে অপরকে সহযোগিতা করছে।
ভুটানি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা দেশের দক্ষিণাঞ্চলে মাওবাদী বিদ্রোহিদের দুটি ঘাঁটিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ কমপক্ষে আট বিদ্রোহীকে আটক করেছে।
কিন্তু ভিন্নমতালম্বী গ্র"পগুলো অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনীর এই অভিযানে দেশের দক্ষিণাঞ্চলে সংখ্যালঘু নেপালি আদিবাসীদের মধ্যে একটি ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে।
তারা জানিয়েছে, এরই মধ্যে এক ডজনের বেশি লোককে আটক করা হয়েছে এবং পাঁচজন সন্দেহভাজন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে হচ্ছে।
ভুটানের মানবাধিকার সংস্থার প্রধান এস বি সুব্বা বলেন, "নিরপাত্তা কড়াকড়ি অতিরিক্ত বেশি এবং দেশের মধ্যে মানুষকে ইচ্ছেমত চলাফেরা ও আলোচনাও করতে দেওয়া হচেছ না।"
১৯৯০ এর দশকে গণতন্ত্র, মানবাধিকার ও অবিচারের বিরুদ্ধে বিক্ষোভের পর কমপক্ষে ১০ হাজার আদিবাসী হিন্দু নেপালিকে দেশত্যাগ অথবা পালিয়ে যেতে বাধ্য করা হয়।
বর্তমানে এক লাখের বেশি লোক শরণার্থী শিবিরে বাস করছে। মূলত এদের মধ্য থেকেই ভুটান কমিউনিস্ট পার্টি, ভুটান টাইগার ফোর্স ও ইউনাইটেড 'রেভল্যুশনারি ফ্রন্ট অব ভুটান' এর মত বিদ্রোহী সংগঠনগুলো গড়ে উঠছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬৩১ ঘ.
bdnews24