ব্যাংকক, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় নিজেদের নির্দোষ দাবি করেছেন তারা। বুধবার আদালতে দাঁড়িয়ে থাকসিন এ দাবি করেন। এ সময় আদালতের বাইরে তার কয়েক হাজার সমর্থক তার পক্ষে শ্লোগান দিচ্ছিল।
আদালতের নয় সদস্য বিশিষ্ট বিচারক প্যানেলের কাছে দেওয়া এক বিবৃতিতে থাকসিন বলেছেন, তিনি এবং তার স্ত্রী পোটজামান দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘন করেননি।
থাইল্যান্ডের আইনে কেউ দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘন করলে তিনি ও তার স্ত্রী উভয়েই রাজনীতি এবং রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে কোনো প্রকার দায়িত্ব পালনের অযোগ্য বিবেচিত হবে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থনগ্লোর চমনগাম বলেন, থকাসিন দম্পতি "সকল অভিযোগ প্রত্যাখ্যান করে একটি যৌথ হলফনামা জমা দিয়েছেন।"
থাইল্যান্ডের যেসব জেনারেলের নেতৃত্বে ২০০৬ সালের রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে দুই বারের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন ক্ষমতাচ্যুত হয়েছিলেন তাদের নিযুক্ত একটি প্যানেলের তদন্তের পর থাকসিন দম্পতির বিরুদ্ধে দুর্নীতির এসব অভিযোগ দায়ের করা হয়।
থাকসিন এবং পোটজামান এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৪২ ঘ.
bdnews24