২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান নিয়ে মতবিরোধে মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন কমান্ডারের পদত্যাগ

ইরানের সঙ্গে যুদ্ধে না জড়ানোর জন্য প্রেসিডেন্ট বুশকে চাপ দিচ্ছিলেন ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল উইলিয়াম 'ফক্স' ফ্যালন। একটি ম্যাগাজিনে এমন প্রতিবেদন প্রকাশের পর ফ্যালন মঙ্গলবার জানিয়েছেন পদত্যাগ করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 07:02 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ওয়াশিংটন, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের সঙ্গে যুদ্ধে না জড়ানোর জন্য প্রেসিডেন্ট বুশকে চাপ দিচ্ছিলেন ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল উইলিয়াম 'ফক্স' ফ্যালন। একটি ম্যাগাজিনে এমন প্রতিবেদন প্রকাশের পর ফ্যালন মঙ্গলবার জানিয়েছেন পদত্যাগ করছেন তিনি। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড হেডকোয়ার্টারের প্রধান ফ্যালন জানিয়েছেন, ইরান বিষয়ে বুশ প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিতে তিনি কখনও আপত্তি করেননি তবে মতবিরোধের কারণে নিজের দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। 'এস্কায়ার' ম্যাগাজিনে প্রকাশিত 'ম্যান বিটুইন ওয়ার অ্যান্ড পিস' শিরোনামের নিবন্ধের পরিপ্রেক্ষিতেই ফ্যালন পদত্যগ করছেন। এতে বলা হয়েছে, ইরানে কোনে পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি হোয়াইট হাউসের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিলেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ফ্যালনের পদত্যাগের আবেদন গ্রহণ করে জানিয়েছেন, চলতি মাসের শেষে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। তিনি জানান, ফ্যালনের পদত্যাগের ফলে ইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে বলে যে ধারণা করা হচ্ছে তা ঠিক নয়। পেন্টাগনে গেটস বলেন, "তিনি পদত্যাগ করলেই ইরান বিষয়ে মার্কিন নীতি পরিবর্তিত হবে এটা ভাবা খুবই হাস্যকর।" তিনি আরও বলেন, "অ্যাডমিরাল ফ্যালন নিজের থেকেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।" তবে তিনি একথাও বলেন, "আমি মনে করি না ইরান বিষয়ে বুশ প্রশাসনের নীতির সঙ্গে ফ্যালনের বড় কোনো মতবিরোধ ছিল।" বুশ প্রশাসন জানিয়েছে, তারা কূটনৈতিক উপায়ে ইরান সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সামরিক পদক্ষেপের বিষয়টি নাকচ করে দেয়নি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে ইরান গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। ইরাক ও আফগানিস্তান সহ ২৭টি দেশে মার্কিন সামরিক পদক্ষেপের দায়িত্ব এই সেন্ট্রাল কমান্ডের। নেভি অফিসার হিসেবে ফ্যালনই প্রথম এই কমান্ডের দায়িত্বে আছেন। সোজাসাপ্টা কথা বলায় অভ্যস্ত ৬৩ বছর বয়স্ক ফ্যালন সমস্যা সমাধনে সব সময় সংলাপের পক্ষে। এজন্য তার খ্যাাতি আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৩০০ ঘ.