২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও ক্ষোভে ফুঁসছেন মিয়ানমারের ভিক্ষুরা

শান্তিপ্রিয়তা ও ধর্মীয় আরাধনার আড়ালে ক্ষোভ ফুঁসছেন মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা। এছাড়া, ছয় মাস আগে যেখানে তারা ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের চালিকাশক্তি হিসেবে কাজ করেছিলেন তারা এখন অনেকটা নেতৃত্বশূণ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মান্দালে, মিয়ানমার, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তিপ্রিয়তা ও ধর্মীয় আরাধনার আড়ালে ক্ষোভ ফুঁসছেন মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা। এছাড়া, ছয় মাস আগে যেখানে তারা ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের চালিকাশক্তি হিসেবে কাজ করেছিলেন তারা এখন অনেকটা নেতৃত্বশূণ্য। এমন প্রেক্ষাপটে সেপ্টেম্বরের ওই অভ্যুত্থান সম্পর্কে বলতে গিয়ে ভিক্ষুদের অনেকে হয়ে ওঠেন অতিরিক্ত আবেগপ্রবণ। আবার অনেকে এমনটাও বলছেন যে, ভিক্ষু এবং সেনাবাহিনীর ক্ষমতার মধ্যে আবারও শক্তি প্রদর্শনের জন্য তারা তাদের জীবন বাজি রাখতেও প্রস্তুত। অবশ্য গণতন্ত্রপন্থি আন্দোলনকারী এবং কিছু ভিক্ষু এও স্বীকার করেছেন যে, সেপ্টেম্বরের গণবিক্ষোভে জান্তা সরকারের রক্তাক্ত দমনাভিযানের ফলে ভেঙে গেছে তাদের গোপন নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক মিয়ানমারের পাঁচ লাখ ভিক্ষুকে পরিণত করেছিল শক্তিশালী রাজনৈতিক শক্তিতে। ৮-৮-৮৮ এর জান্তাবিরোধী অভ্যুত্থান দমনের ২০তম বার্ষিকী আগামী ৮ আগস্ট ২০০৮। তবে সংখ্যাতত্ত্বিকভাবে শুভলগ্ন এবং ঐতিহাসিক সে দিনটি এগিয়ে এলেও মিয়ানমারের ৪৬ বছরের নিরবিচ্ছন্ন শাসনকে চ্যালেঞ্জ জানাতে পুনরায় কোনো অভ্যুত্থান হওয়ার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর অন্যতম কারণ নেতৃত্ব সঙ্কট। এ বিষয়ে মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনের এক নিরাপদ বাড়িতে গণতন্ত্রপন্থি আন্ডারগ্রাউন্ড নেতাদের একজন রয়টার্সকে বলেন, "অধিকাংশ সক্রিয় ভিক্ষু কারাগারে বা পালিয়ে থাকায় কোনো পরিকল্পনা হয়নি।" জান্তা সরকারের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের পর থেকে তারা যে ৮০ জনকে আটকে রেখেছেন তাদের মধ্যে ২১ জন আছেন ভিক্ষু। এদের মধ্যে আছেন ২৭ বছর বয়সী ইউ গাম্বিরা। তিনি গত সেপ্টেম্বরের অভুত্থানে বড় ধরনের ভূমিক পালনকারী 'অল-বার্মিজ মঙ্কস অ্যালায়েন্স' এর অন্যতম নেতা। কারাবন্দিদের বিষয়ে জান্তা সরকারের ভাষ্যের সঙ্গে বেশ গরমিল রয়েছে মানবাধিকার সংগঠন 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' এর। গত জানুয়ারিতে সংগঠনটি জানিয়েছিল, গণবিক্ষোভ দমনের সময় গ্রেপ্তারকৃত ৭০০ জন এখনও কারাবন্দি আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৭২৪ ঘ.