২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্স সফর করবেন ম্যাককেইন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী জন ম্যাককেইন আগামী সপ্তাহে ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্স সফর করবেন। সোমবার তিনি এ পরিকল্পনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 10:46 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

সেন্ট লুইস, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী জন ম্যাককেইন আগামী সপ্তাহে ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্স সফর করবেন। সোমবার তিনি এ পরিকল্পনা করেছেন। সফরে অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক সাফল্যগুলোকে বিশেষ গুরুত্ব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর কারণ, ম্যাককেইন আশা করছেন ওই সাফল্যগুলোই তাকে হোয়াইট হাউজে নিয়ে যাবে। সোমবার ওয়াশিংটনে অবস্থিত ম্যাককেইনের সিনেট অফিস জানিয়েছে, ৭১ বছর বয়সী ম্যাককেইন মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনা করার জন্য ১৮ মার্চ ইসরায়েল সফর করবেন। এরপর ১৯ ও ২০ মার্চ তিনি লন্ডন সফর করবেন এবং সবশেষে ২১ মার্চ প্যারিস যাবেন। ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবির থেকে ম্যাককেইন তার প্রার্থীতা অনেকটা নিশ্চিত করে ফেললেও প্রতিপক্ষ ডেমোক্র্যাট শিবিরের দলীয় প্রার্থী বাছাই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন এবং ইলিনয়ের সিনেটর বারাক ওবামা। তাই বিদেশ সফরের ক্ষেত্রে ডেমোক্র্যাট প্রার্থীদের এখন তেমন সুযোগ না থাকলেও রিপাবলিকান ম্যাককেইনের সে দ্বার একেবারেই খোলা রয়েছে। ম্যাককেইন সোমবার ফোনিক্স থেকে সেন্ট লুইসে যাওয়ার সময়ে তার সঙ্গে বিমানে থাকা সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন 'অবিশ্বাস্য জটিল পরিস্থিতি' সত্ত্বেও প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে 'অনেক শক্তিশালী পদক্ষেপ' নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৫৫২ ঘ.