কুয়ালা লামপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ায় গত পাঁচ দশকের মধ্যে এবারই প্রথম বারের মত বিরোধীদের কাছ থেকে প্রকৃত প্রতিযোগিতার মুখে পড়েছে ক্ষমতাসীন বারিসন জোট। দেশটির মোট ১৩টি রাজ্যের মধ্যে ৫টির শাসন ক্ষমতা চলে যাচ্ছে বিরোধীদের হাতে। গত শনিবারের নির্বাচনে জিতে ক্ষমতা গ্রহণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে।
শিল্পসমৃদ্ধ পেনাং প্রদেশে মঙ্গলবার শপথ নিয়েছে বিরোধী ডেমোক্র্যটিক অ্যাকশন পার্টির (ডিএপি) নেতৃত্বাধীন সরকার। শপথ অনুষ্ঠান হয়েছে অনেকটা সাদামাটাভাবে।
অন্য চারটি রাজ্যের সরকারে নেতৃত্ব দেবে অথবা ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে সরকার গঠন করবে ইসলামপন্থি দল পার্তি ইসলাম ছে-মালয়েশিয়া (পিএএস)। এই চারটি প্রদেশের মধ্যে কেডাহ, পেরাক ও কেলানটান রাজ্যের সীমানা আছে প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে। থাইলান্ডের ইসলামি বিদ্রোহীদের সঙ্গে মালয়েশিয়ার ঐতিহাসিক যোগযোগ আছে।
পিএএস ও ডিএপি জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প তারা পুনরায় যাচাই করে দেখবে। তবে একই সঙ্গে একথাও জানিয়েছে যে, সমস্ত প্রকল্প বাস্তবায়নাধীন আছে সেগুলোর ক্ষেত্রে বিরোধিতা করবে না। তবে তারা কোনো রকম স্বজনপ্রীতি সহ্য করবে না বলে জানিয়ে দিয়েছে।
মালয়েশিয়ায় বিভিন্ন রাষ্ট্রীয় কাজ প্রায় ক্ষেত্রে সরকার সমর্থিত ব্যবসায়ীদের দেওয়া হয়ে থাকে। অনেক সময় টেন্ডার না খুলেই তাদেরকে কাজ দিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৩৪০ ঘ.
bdnews24