লাহোর, পাকিস্তান, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাহোরে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ভবনে মঙ্গলবার এক বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। কাছাকাছি একটি আবাসিক এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে দুই শিশু। বিস্ফোরণ দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলা বলে ধারণা করা করছে পুলিশ ও নগর কর্মকর্তারা।
প্রাদেশিক সরকারের উদ্ধার সংস্থার প্রধান রিজওয়ান বাশির জানান, এফআইএ ভবনে বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারীসহ ২১ জন নিহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হামিদ নওয়াজ জানিয়েছেন, এটি একটি গাড়িবোমা হামলা এবং পুলিশ জানিয়েছে, এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।
হামিদ নওয়াজ বলেন, "এফআইএ ভবনের অভ্যর্থনা কক্ষের কাছে বিস্ফোরণটি ঘটে।"
হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৭০ জন।
এফআইএ'র মহাপরিচালক তারিক পারভেজ বলেন, "বিস্ফোরণে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া আহতদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে।"
বিস্ফোরণে এফআইএ'র বহুতল ভবন এবং এর আশপাশের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়। সংস্থাটির পরিচালক চৌধুরী মনজুর জানান, বিস্ফোরণে তাদের ১৭ জন কর্মচারী নিহত হয়েছেন।
অপর বোমাটি সেখান থেকে ১০ মাইল দূরের একটি আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়। দ্বিতীয় বিস্ফোরণটিতে ২ শিশু নিহত হয়। নগর প্রশাসক মিয়া ইজাজ একথা জানান।
এর আগে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি ভবনের বাইরে থেকে প্রত্যক্ষদর্শী তারিক সাঈদ বলেন, "বিস্ফোরণে ভবনটিতে আগুন ধরে যায় এবং এতে ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।"
টেলিফোনে তিনি আরও বলেন, "ভবনের ভেতর থেকে মৃহদেহ বের করে আনা হচ্ছে।"
গত সপ্তাহে লাহোরের একটি নেভি কলেজে দুটি আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৪২৪ ঘ.
bdnews24