বাগদাদ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- ইরাকের সংঘাতময় দিয়ালা প্রদেশে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় সুন্নি আরব আদিবাসীদের এক খ্যাতনামা নেতা নিহত হয়েছেন। এক নারী আত্মঘাতী ওই নেতার বাড়িতে হামলা চালায়। এতে আরও তিনজন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, প্রাদেশিক রাজধানী বাকুবার দক্ষিণ-পূর্বের কানান এ অবস্থিত থায়ের সাগবান আল-কারখির বাড়িতে গিয়ে দরজায় নাড়া দিয়ে ওই নারী প্রহরীদেরকে বলেন, কারখির সঙ্গে তার কথা বলা প্রয়োজন।
এরপর কারখি দরজার কাছে আসা মাত্রই তিনি বিস্ফোরকভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটান। এতে কারখির এক নাতি এবং দুই নিরাপত্তারক্ষীও প্রাণ হারান।
ইরাকের প্রতিবেশী নিরাপত্তা ইউনিটগুলোর একটির নেতৃত্বে ছিলেন কারখি। এ ইউনিটগুলোর কারণে ইরাকে সহিংসতার হার অনেক কমে গেছে। তবে বেড়েছে তাদের ওপর হামলার হার। এর অন্যতম কারণ, তারা কাজ করছে দখলদার মার্কিন সেনাবাহিনীর সঙ্গে।
এছাড়া, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কংক্রিটের প্রতিরক্ষা প্রাচীরের কারণে গাড়িবোমা হামলা চালানো কঠিন হয়ে ওঠায় আল-কায়েদা নারী আত্মঘাতীদের দিয়ে হামলা চালানো বাড়িয়েছে।
এর আগে গত মাসে রাজধানী বাগদাদে দুই নারী আত্মঘাতী বোমারুর হামলায় নিহত হয় ৯৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮২১ ঘ.
bdnews24