২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাকসিনের বিরুদ্ধে থাইল্যান্ডে নতুন দুর্নীতি মামলা

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে সোমবার নতুন দুর্নীতির মামলা দায়ের করেছে থাই কর্তৃপক্ষ। সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং প্রায় দু'বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত মাসে দেশে ফেরার পর এই মামলা করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ব্যাংকক, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে সোমবার নতুন দুর্নীতির মামলা দায়ের করেছে থাই কর্তৃপক্ষ। সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং প্রায় দু'বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত মাসে দেশে ফেরার পর এই মামলা করা হল। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালিত একটি লটারির তহবিল অবৈধভাবে ব্যবহারের অভিযোগে মামলাটি করা হয়। এতে থাকসিনসহ তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তা মিলিয়ে মোট ৪৭ জনকে আসামী করা হয়েছে। সেনা অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত 'অ্যাসেট সিকিউরিটি কমিটি'(এএসসি) ওই মামলা দায়ের করেছে। আদালত মামলাটি শুনানির জন্য গ্রহণ করলে থাকসিনপন্থী বর্তমান সরকারের অর্থমন্ত্রী সুরাপং সুয়েবোঙ্গলি এবং আরও দুইজন জুনিয়র মন্ত্রীকে পদ ছেড়ে সরে দাঁড়াতে হবে। কেননা থাইল্যান্ডের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে কোন বিষয় বিচারাধীন থাকলে তিনি এ ধরনের কোনো রাষ্ট্রীয় পদে দায়িত্বরত থাকতে পারবেন না। এক 'এএসসি' মুখপাত্র একথা জানিয়েছেন। অবশ্য আদালত মামলাটি গ্রহণ করছে কি না তা জানাতে প্রায় ৪৫ দিন সময় নিতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই থাকসিন এবং তার পরিবারসহ তার র্শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। এরপর দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে থাকসিনের প্রায় ২ বিলিয়ন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করে 'এএসসি'। থাকসিনের থাই রাক থাই পার্টি বিলুপ্ত করে দেওয়ার পর তার ঘনিষ্ঠ মিত্র ও ব্যাংককের সাবেক গভর্নর সামাক সুন্দরাভেজের নেতৃত্বে থাকসিন অনুসারীরা নতুন দল গঠন করে এবং নির্বাচনে জয়ী হয়ে একটি জোট সরকারের নেতৃত্ব দিতে সক্ষম হয়। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সামাক দায়িত্ব নেওয়ার পর দেশে ফিরে আসার ঘোষণা দেন থাকসিন। কিন্তু নির্বাচিত বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করলেও দেশটির সামরিক নেতৃত্ব এখনও সেখানে যথেষ্ট ক্ষমতার অধিকারী বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এএসসি'র নতুন মামলা তারই ইঙ্গিত হতে পারে। অবশ্য থাকসিন বলেছেন, ইতিমধ্যেই তার রাজনৈতিক জীবনের ইতি ঘটিয়েছেন তিনি। আগামী বুধবার আদালতে হাজির হয়ে তার ও তার পরিবারের বিরুদ্ধে থাকা অন্য একটি মামলার মোকাবেলা শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৯ ঘ.