২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির সঙ্গে আবারও জাতিসংঘ দূতের সাক্ষাৎ

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী আং সান সু চির সঙ্গে সোমবার বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি। গত দুদিনে এটি তাদের দ্বিতীয় দফা সাক্ষাৎ। তবে বৈঠকে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোনো পক্ষই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ইয়াঙ্গুন, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী আং সান সু চির সঙ্গে সোমবার বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি। গত দুদিনে এটি তাদের দ্বিতীয় দফা সাক্ষাৎ। তবে বৈঠকে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোনো পক্ষই। ইয়াঙ্গুনে সুচির নিজ বাড়িতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০৩ সাল থেকে ওই বাড়িতে গৃহবন্দি আছেন শান্তিতে নোবেল জয়ী এই নেত্রী। গত বছরের সেপ্টেম্বরে গণতন্ত্রের দাবিতে বৌদ্ধভিক্ষুদের নেতৃত্বে ব্যাপক জনবিক্ষোভের ওপর মিয়ানমার জান্তার বর্বরোচিত দমনপীড়নের পর জাতিসংঘ দূত গাম্বারির তৃতীয় দফা সফর এটি। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য জান্তা সরকারের সঙ্গে বিরোধী রাজনীতিকদের সংলাপ শুরুর লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাম্বারি। সু চি-গাম্বারি বৈঠক সম্পর্কে কিছু না বললেও তথ্যমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে সোমবার রাতে মিয়ানমার ছেড়ে যাওয়ার আগে তথ্যমন্ত্রী কাইয়াও হ'সান এর সঙ্গে বৈঠক করবেন গাম্বারি। এবারের চারদিনের সফরে এটিই হবে তার সঙ্গে দেশটির সর্বোচ্চ কর্মকর্তার বৈঠক। মিয়ানমার জান্তার ''গণতন্ত্রের রোডম্যাপ" অনুসারে সাত স্তরে ধাপে ধাপে গণতন্ত্রে উত্তরণের পরিকল্পনায় দেশটির সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক লিগ (এনএলডি) এবং এর দলীয় প্রধান সুচি-কে অন্তর্ভূক্ত করতে জান্তা রাজি হবেন কি না সে বিষয়ে এখনও কোনো ধারণা দিতে পারেননি গাম্বারি। মিয়ানমারের সর্বশেষ সাধারণ নির্বাচনে ১৯৯০ সালে সুচির দল এনএলডি প্রায় ৮০ ভাগ ভোট পেয়ে বিজয়ী হলেও সামরিক নেতারা নির্বাচিত সরকারকে ক্ষমতায় যেতে দেয়নি। পরবর্তী প্রায় ১৮ বছরের মধ্যে বেশিরভাগ সময়ই কারাগারে কিংবা অন্তরীণ অবস্থায় কাটিয়েছেন সু চি। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.