কুয়ালা লামপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবদুল্লাহ আহমাদ বাদাওয়ি সোমবার দ্বিতীয় দফায় আরও পাঁচ বছরের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বিলাসবহুল জাতীয় প্রাসাদে ক্যাবিনেট মন্ত্রী এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সামনে তিনি এ শপথবাক্য পাঠ করেন। এ সময় তার পরনে ছিল ঐতিহ্যবাহী মালয় পোষাক।
শনিবার অনুষ্ঠিত মালয়েশিয়ার ফেডারেল পার্লামেন্ট ও রাজ্য আইনসভার এ নির্বাচনে প্রধানমন্ত্রী বাদাওয়ির নেতৃত্বাধীন বহুজাতিগোষ্ঠীর জোট 'বারিসান ন্যাশনাল ফ্রন্ট' পার্লামেন্টে ৬২ শতাংশ আসন পেয়ে সাধারন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। যেখানে ২০০৪ সালের নির্বাচনে এ জোট ৯০ শতাংশ আসন পেয়ে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।
অপরদিকে, বিরোধী ইসলামপন্থি ও সংস্কারপন্থি দলগুলো মালয়েশিয়ার ১৩টি রাজ্যের ৫টিতে বিজয়ী হয়েছে। এর একটি হচ্ছে বাদাওয়ির জন্মস্থান ও শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেনাং রাজ্য।
১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার পর থেকে কার্যত মালয়েশিয়ার ক্ষমতায় থাকা 'বারিসান ন্যাশনাল ফ্রন্ট' জোটের সবচেয়ে খারাপ নির্বাচনী ফল এটি। সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোটের এমন বিপর্যয়কর ফল প্রধানমন্ত্রী বাদাওয়ির নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।
এছাড়া, নির্বাচনে এমন পরাজয়ের জন্য বাদাওয়ির পূর্বসূরী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও তাকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এমন প্রেক্ষাপটে নতুন মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে বাদাওয়ি শপথ নিলেও তার সরকারের পক্ষে তাদের প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়া বেশ জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নির্বাচনে গত সরকারের চারজন ক্যাবিনেট মন্ত্রী তাদের আসনে পরাজিত হওয়ায় নতুন মন্ত্রিপরিষদে কাদেরকে তাদের স্থলাভিষিক্ত করা যায় তা নিয়ে সোমবারই জোটের একটি বিশেষ বৈঠক আহ্বান করেছেন বাদাওয়ি।
এদিকে, প্রধানমন্ত্রী বাদওয়ির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলার জন্য সেনেগালে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ওআইসি'র (অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্স) শীর্ষ সম্মেলনে অংশ না নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসি'র ওই সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাদাওয়ির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫০৮ ঘ.
bdnews24