ভুরবান, পাকিস্তান, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রোববার বলেছেন, কোয়ালিশন সরকারে তিনি প্রয়াত বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর দলে যোগ দেবেন। এতে করে পাকিস্তানে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বিরোধী সরকার পত্তনের পট প্রস্তুত হল।
বেনজিরের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে বেশির ভাগ আসনে জয়ী হয়েছে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ওদিকে, নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএল (এন) নির্বাচনে ২য় স্থান অধিকার করেছে।
পরে মুশাররফকে হটানোর প্রশ্নে শরীফের দল পিপিপি কে সমর্থন দিতে রাজি হয়। তবে সরকার গঠনের জন্য পিপিপি'র সঙ্গে জোট বাঁধার বিষয়টি রোববারেই প্রথম নিশ্চিত করলেন নওয়াজ।
বেনজিরের স্বামী ও পিপিপি'র বর্তমান নেতা আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে শরীফ বলেন, "পিএমএল (এন) ফেডারেল কেবিনেটেরই অংশ হবে এ ব্যাপারে সমঝোতা হয়েছে।"
বিশ্লেষকরা এর আগে পিপিপি এবং নওয়াজের দলের জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছিলেন। কিন্তু শেষমেশ মুশাররফকে হটাতে একজোট হচ্ছেন জারদারি ও শরীফ। তারা দুজনেই জরুরি অবস্থায় মুশাররফের হাতে বরখাস্ত বিচারপতিদের স্বপদে পুর্বহাল করতে একমত হয়েছেন। সরকার প্রতিষ্ঠার ৩০ দিনের মধ্যেই পার্লামেন্টে প্রস্তাবনা পাসের মধ্য দিয়ে এ লক্ষ্য পূরণ করতে চান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৪ঘ.
bdnews24