২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ৭৫০টি নতুন বসতি গড়ছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে সাড়ে সাতশ' নতুন ইহুদি বসতি গড়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই ঘোষণায় মার্কিন নেতৃত্বে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা আরও জাটিল হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

জেরুজালেম, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অধিকৃত পশ্চিম তীরে সাড়ে সাতশ' নতুন ইহুদি বসতি গড়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই ঘোষণায় মার্কিন নেতৃত্বে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা আরও জাটিল হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জিভাট জেভ বসতির মধ্যে নতুন এই বাড়িগুলো তৈরি করা হবে। জেরুজালেমে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে একটি ইহুদি ধর্মীয় স্কুলের আট শিক্ষার্থী নিহত হওয়ার তিন দিনের মাথায় ইসরায়েল এই নতুন পরিকল্পনা ঘোষণা করল। ইসরায়েলি বেতার জানিয়েছে, নতুন এই পরিকল্পনায় সম্মতি না দিলে ওলমার্ট সরকার থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে তার অন্যতম একটি শরিক দল। ইসরায়েলি গৃহসংস্থাপন মন্ত্রী জেভ বোইম এর মুখপাত্র এরান সিদিস জানিয়েছেন, প্রধানমন্ত্রী ওলমার্টের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওলমার্ট তার সম্মতি ছাড়া পশ্চিম তীরে কোনো স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। সিদিস জানান, কেন্দ্রীয় জেরুজালেম থেকে ৮ কিলোমিটার দূরে জিভাট জেভ এলাকায় সাড়ে সাতশ'টি বাড়ি নির্মাণের সিদ্ধান্ত ১৯৯৯ সালেই নেওয়া হয়েছিল। কিন্তু ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম শুরু হওয়ায় নির্মাণ শ্রমিকের অভাবে দুই বছর পর তা স্থগিত করা হয়েছিল। তিনি আরও জানান, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে দুইশ ভবন নির্মাণ করা হবে। বাকী সাড়ে পাঁচশ ভবন পরে নির্মাণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৫০ ঘ.