ইসলামাবাদ, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান (৭০) সুস্থ হয়ে রোববার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাষ্ট্রীয় একটি সংবাদ সংস্থা একথা জানিয়েছে।
আব্দুল কাদির খান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। জ্বর ও রক্তচাপে আক্রান্ত হয়ে গত বুধবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
২০০৩ সালে একটি টেলিভিশনে লিবিয়া, ইরান এবং উত্তর কোরিয়ায় পরমাণু প্রযুক্তি পাচারের কথা স্বীকার করার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তখন থেকেই তিনি ইসলামাবাদে গৃহবন্দি। অনেক পাকিস্তানিই কাদির খানকে পাকিস্তানের পরমাণু বোমার জনক বলে মানেন।
আব্দুল কাদির খানের স্ত্রী হেনি জানান, বুধবার তাকে জ্বর এবং নিম্ন রক্তচাপের জন্য হাসপাতালে নেয়া হয়েছিল।
পাকিস্তানের সংবাদ সংস্থা এপিপি জানায়, "ড. খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে তার বাড়িতে নেওয়া হয়েছে।"
মূত্রথলির ক্যান্সারের জন্য ২০০৬ সালে কাদির খানের অস্ত্রোপচার করা হয়।
বিশ্বে পরমাণু অস্ত্রের দ্রুত বিস্তারের কারন খুঁজে দেখতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি তদন্তকারীরা আব্দুল কাদির খানকে জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছে। কিন্তু পাকিস্তান সরকার তাকে আড়াল করে রেখেছে।
পাকিস্তান জানিয়েছে, এ সর্ম্পকিত সব তথ্য তারা জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে হস্তান্তর করেছে। আবুল কাদির খানের স্বীকারোক্তিকে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তার শাসনামলের সবচেয়ে বিব্রতকর ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৬১০ঘ.
bdnews24