২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী বিপর্যয়ের মুখেও পদত্যাগ করছেন না বাদাবি

নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখেও পদত্যাগের চিন্তা-ভাবনা করছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবি। বাদাবির পদত্যাগের কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন তার মুখপাত্র কামাল খালিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

কুয়ালা লামপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখেও পদত্যাগের চিন্তা-ভাবনা করছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবি। বাদাবির পদত্যাগের কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন তার মুখপাত্র কামাল খালিদ। শনিবার অনুষ্ঠিত মালয়েশিয়ার ফেডারেল পার্লামেন্ট ও রাজ্য আইনসভার এ নির্বাচনে প্রধানমন্ত্রী আবদুল্লাহর নেতৃত্বাধীন বহুজাতিগোষ্ঠীর জোট 'বারিসান ন্যাশনাল ফ্রন্ট' পার্লামেন্টে ৬২ শতাংশ আসন পেয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। যেখানে ২০০৪ সালের নির্বাচনে এ জোট ৯০ শতাংশ আসন পেয়ে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অপরদিকে, বিরোধী ইসলামপন্থি ও সংস্কারপন্থি দলগুলো মালয়েশিয়ার ১৩টি রাজ্যের ৫টিতে বিজয়ী হয়েছে। এর একটি হচ্ছে আবদুল্লাহর জন্মস্থান ও শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেনাং রাজ্য। গত প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতায় থাকা 'বারিসান ন্যাশনাল ফ্রন্ট' জোটের সবচেয়ে খারাপ নির্বাচনী ফলাফল এটি। সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোটের এমন বিপর্যয়কর ফল প্রধানমন্ত্রী আবদুল্লাহর নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। এছাড়া, নির্বাচনে এমন পরাজয়ের জন্য বাদাবির পূর্বসূরী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও তাকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রোববার রাজধানী কুয়ালালামপুরের বাইরে অবস্থিত বাসভবনে মাহাথির সাংবাদিকদের বলেন, "আমি মনে করি এর দায়-দায়িত্ব তাকে নিতে হবে। যেমন ২০০৪ সালের নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা ও বিশাল বিজয়ের জন্য শতভাগ কৃতিত্ব তাকে দেওয়া হয়েছিল।" তিনি বলেন, "এখনও তারই শতভাগ দায়-দায়িত্ব নেওয়া উচিত।" কিন্তু বাদাবির মুখপাত্র কামাল খালিদ রোববার বলেন, "বাদাবির পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই। শপথগ্রহণের জন্য আগামীকাল তার প্রাসাদে যাওয়ার পরিকল্পনা এখনও আছে।" মালয়েশিয়ার ফেডারেল পার্লামেন্ট ও রাজ্য আইনসভার এ নির্বাচনে দেশটি গত চার দশকের রাজনীতিতে প্রথমবারের মতো বড় ধরনের মোড় পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। সরকারবিরোধীদের প্রতি আগের চেয়ে অনেক বেশি সমর্থন বেড়েছে সাধারন মালয়দের। আর এ বিষয়টিকে বিবেচনা করা হচ্ছে সরকারের জন্য সতর্কতাবাণী হিসেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এলকিউ/১৫৪৩ ঘ.