বেলগ্রেড, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কসোভোর স্বাধীনতা ঘোষণা নিয়ে বিভক্ত হয়ে পড়া জোট সরকার থেকে শনিবার পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধামন্ত্রী ভোজিস্লাভ কস্তুনিকা।
কস্তুনিকা জানিয়েছেন, কসোভোর ওপর সার্বিয়ার দাবি ছেড়ে দেওয়া হবে কিনা সে সম্পর্কে দেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে তিনি আগামী মে মাসে নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়েছেন।
পদত্যাগের পর এক সংবাদ সম্মেলনে কস্তুনিকা বলেন, "যে সরকারের কোনো একক নীতি নেই সে সরকার চলতে পারে না। কাজেই এ সরকার এখানেই ভেঙে দেওয়া হচ্ছে।"
তিনি আরও বলেন, "সরকার ভেঙে দেওয়ার অর্থ কসোভো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমরা জনগণের হাতেই ফিরিয়ে দিচ্ছি।"
গত ১৭ ফেব্র"য়ারি কসোভো স্বাধীনতা ঘোষণার পর কসোভোর ওপর দাবি বহাল থাকবে কি না এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে সার্বিয়া ক্ষমতাসীন জোট। প্রধানমন্ত্রী কস্তুনিকা কসোভোকে ছেড়ে দিতে চাইলেও জোটের অন্যতম শরিক ডেমোক্র্যটিক পার্টির নেতা প্রেসিডেন্ট বরিস টেডিক এর বিরোধিতা করে আসছিলেন।
কস্তুনিকা বলেন, "পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য আগামী ১০ মার্চ পার্লামেন্টের অধিবেশন আহ্বানের কথা বলেছি।" এছাড়া, তিনি জানান আগামী ১১ মে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেবেন তিনি।
কস্তুনিকার পদত্যাগের পর প্রেসিডেন্ট বরিস টেডিক বলেন, "সরকার প্রধান হিসেবে আর দায়িত্ব পালন করবেন না বলে প্রধানমন্ত্রী কস্তুনিকার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর আমি নির্বাচন আহ্বান করব।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক সংকট সমাধানের গণতান্ত্রিক উপায় হল নির্বাচন এবং এ ব্যাপারে জনগণই একমাত্র ক্ষমতার অধিকারী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪৩০ ঘ.
bdnews24