২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনগ্রিদ বেতানকো-কে ছেড়ে দিতে ফার্ক প্রধানকে শ্যাভেজের আহ্বান

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শনিবার কলম্বিয়ার রিভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া -'এফএআরসি' বা ফার্ক গেরিলা প্রধানের কাছে ফরাসি বংশোদ্ভূত কলম্বিয়ার খ্যাতনামা রাজনীতিক ইনগ্রিদ বেতানকোকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 07:27 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

কারাকাস, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শনিবার কলম্বিয়ার রিভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া -'এফএআরসি' বা ফার্ক গেরিলা প্রধানের কাছে ফরাসি বংশোদ্ভূত কলম্বিয়ার খ্যাতনামা রাজনীতিক ইনগ্রিদ বেতানকোকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারাকাসে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে শ্যাভেজ বলেন, "আমি এখান থেকে ম্যানুয়েল মারুলান্দার কাছে একটি আহ্বান জানাচ্ছি। ম্যানুয়েল মারুলান্দা, ইনগ্রিদকে আমাদের কাছে পাঠিয়ে দিন। ইনগ্রিদকে আমাদের কাছে পাঠিয়ে দিন। এই বিশ্ব নারী দিবসে এটা করার জন্য আমি বিশেষভাবে আপনাকে আহ্বান জানাচ্ছি।" অনুষ্ঠানে আগত নারীদের মধ্যে ইনগ্রিদ বেতানকোর মাও ছিলেন। ভাষণে শ্যাভেজ আরও বলেন, "আপনি যখন পারেন, যখন এটা করার পরিবেশ তৈরি হয় তখনই ইনগ্রিদ বেতানকোকে মুক্ত করে দিন। তিনিই বর্তমানে ফার্কের হাতে আটক থাকা একমাত্র নারী। তাকে কলম্বিয়ার জঙ্গলে আটকে রাখার কোনো অর্থ হয় না।" প্রসঙ্গত, কলম্বিয়ার ফার্ক গেরিলাদের কাছ থেকে জিম্মিদের মুক্তির জন্য চেষ্টা চালিয়ে আসছেন শ্যাভেজ। এ বছর তার মধ্যস্থতায় তাদের কাছ থেকে ছয়জন জিম্মি মুক্তি পেয়েছে। এদের মধ্যে কয়েকজন ছিলেন নারী। এদের মুক্তির পর বর্তমানে গেরিলা সংগঠনটির কাছে জিম্মি একমাত্র হাই-প্রোফাইল নারী হচ্ছেন ইনদ্রিগ বেতানকো। কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ইনগ্রিদ বেতানকোকে ছয় বছর আগে অপহরণ করে ফার্ক গেরিলারা। জিম্মি অবস্থায় যকৃতের পীড়া ও বিষাদাক্রান্ত হয়ে তিনি এখন খুবই অসুস্থ। এমন প্রেক্ষিতে ফার্ক গেরিলাদের হাত থেকে তার মুক্তির জন্য কলম্বিয়াকে চাপ দিয়ে আসছে ফ্রান্স। তবে ধারণা করা হয়, ফার্ক গেরিলারা ইনগ্রিদ বেতানকোকে মুক্তি দেবে না। এর অনতম কারণ, ফার্ক গেরিলারা কলম্বিয়া সরকারের কাছ থেকে বড় ধরনের দাবি আদায়ের মোক্ষম অস্ত্র হিসেবে বিবেচনা করছে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২২ ঘ.