দ্যা মাইনস, মালয়েশিয়া মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ রোববার তার উত্তরসূরী আবদুল্লাহ আহমাদ বাদাবিকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
শনিবারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন বহুজাতিগোষ্ঠীর জোট 'বারিসান ন্যাশনাল ফ্রন্ট' অল্প ব্যবধানে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী বাদাবিকে এ আহ্বান জানালেন দলের সাবেক নেতা মাহাথির। গত প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতায় থাকা এ জোটের সবচেয়ে খারাপ ফলাফল এটি।
রাজধানী কুয়ালা লামপুরের বাইরে অবস্থিত বাসভবনে মাহাথির সাংবাদিকদের বলেন, "আমি মনে করি এর দায়-দায়িত্ব তাকে নিতে হবে। যেমন ২০০৪ সালের নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা ও বিশাল বিজয়ের জন্য শতভাগ কৃতিত্ব তাকে দেওয়া হয়েছিল।"
তিনি বলেন, "এখনও তারই শতভাগ দায়-দায়িত্ব নেওয়া উচিত।"
মালয়েশিয়ার ফেডারেল পার্লামেন্ট ও রাজ্য আইনসভার এ নির্বাচনে দেশটির গত চার দশকের রাজনীতিতে প্রথমবারের মতো বড় ধরনের মোড় পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। সরকারবিরোধীদের প্রতি আগের চেয়ে অনেক বেশি সমর্থন বেড়েছে সাধারণ মালয়দের।
ফলাফলে দেখা গেছে, বিরোধী ইসলামি ও সংস্কারপন্থি দলগুলো পাঁচটি রাজ্যে বিজয় পেয়েছে। মালয়েশিয়ার সরকারের জন্য সতর্কতাবাণী হিসেবে বিবেচনা করা হচ্ছে একে।
নির্বাচনে আবদুল্লাহর বহুজাতিগোষ্ঠীর 'ন্যাশনাল ফ্রন্ট' জোট ফেডারেল পার্লামেন্টে শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। যেখানে ২০০৪ সালের নির্বাচনে এ জোট রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। ক্ষমতাসীন জোটের এমন বিপর্যয়কর ফলাফল প্রধানমন্ত্রী আবদুল্লাহর নেতৃত্বে থাকার বিষয়টিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৫০ ঘ.
bdnews24