কুয়ালালামপুর, মালয়েশিয়া, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ায় শনিবারের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবির নেতৃত্বাধীন বহুজাতিগোষ্ঠীর বারিসন জোট সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে। ভোট গণনা পুরোপুরি শেষ না হলেও দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে।
ক্ষমতাসীন জোট কেন্দ্রে জয় পেলেও কেদাহ, পেনাং ও কেলানটান প্রদেশে হেরে গেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তবে বিরোধীরা আরও দুটি প্রদেশ সেলাঙ্গর ও পেরাক-এও জয়ী হওয়ার দাবি করেছে।
গত পার্লামেন্ট নির্বাচনে বারিসন জোট ৯০ শতাংশ আসনে জয়ী হলেও এবার সুবিধা করতে পারেনি। বিরোধীরা ফেডারেল পার্লামেন্টের কমপক্ষে এক তৃতীয়াংশ আসনও ছিনিয়ে নেওয়ার দাবি করেছে।
গত প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতায় থাকা বারিসন জোটের জন্য শিল্পসমৃদ্ধ গুরুত্বপূর্ণ পেনাং প্রদেশে হারা একটি বড় বিপর্যয়।
নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর পেনাং প্রদেশে পরাজয়ের খবর পেয়ে প্রধানমন্ত্রী বাদাবির ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেন, "এটা খুবই দুঃসংবাদ। তারা পেনাংয়ে হেরেছে। এটা একটা বড় বিপর্যয়।"
প্রায় আট হাজার কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। 'ফেডারেল পার্লামেন্ট' এবং 'রাজ্য আইনসভা'র এ নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
নির্বাচনের সময় কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় তেরেঙ্গানু প্রদেশে নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে বিরোধীদলীয় সমর্থকরা বিক্ষোভ শুরু করলে তাদের হটাতে পুলিশ কাঁদানে গ্যাস জলকামান ব্যবহার করে।
পুলিশ এ সময় ২২ জনকে আটক করে। এদের বেশির ভাগ 'পার্তি ইসলাম সে-মালয়েশিয়ার' (পিএএস) সমর্থক।
এছাড়া উত্তরাঞ্চলীয় পেনাং দ্বীপে প্রায় তিনশ বিরোধীদলীয় সমর্থক বিক্ষোভ করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে।
নির্বাচনের প্রাক্কালে আবদুল্লাহ ভোটারদের সতর্ক করে দিয়ে বলেন, তারা বারিসান ন্যাশনালকে রায় না দিলে দেশটিতে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে। ১৯৬৯ সালের এক নির্বাচনে বারিসন পার্টি পরাজিত হওয়ার পর মালয়েশিয়ায় সৃষ্ট জাতিগত সহিংসতায় কয়েকশ' লোকের প্রাণহানি হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএইচবি/০১৩৬ ঘ.
bdnews24