২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সু চি'র সঙ্গে জাতিসংঘ দূত গাম্বারির বৈঠক

মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র সঙ্গে শনিবার বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি। তবে বৈঠকে সু চি ও গাম্বারির মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ইয়াঙ্গুন, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র সঙ্গে শনিবার বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি। তবে বৈঠকে সু চি ও গাম্বারির মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র। গাম্বারি গত বৃহস্পতিবার মিয়ানমার পৌঁছেছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে মিয়ানমারের জান্তা সরকার গণতন্ত্রপন্থি গণবিক্ষোভ দমন করার পর তৃতীয়বারের মতো দেশটি সফর করছেন নাইজেরিয়ার কুটনীতিক গাম্বারি। মিয়ানমারের রাজনৈতিক সংস্কার নিয়ে সামরিক জান্তার সঙ্গে বিরোধীদলের আলোচনা শুরুই তার এ সফরের মূল উদ্দেশ্য। কিন্তু এ সফরের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, জান্তা সরকারের প্রণীত রোডম্যাপই রাজনৈতিক সংস্কারের একমাত্র পথ। মিয়ানমারের রাষ্ট্রপরিচালিত পত্রপত্রিকাগুলোকে সরকারেরই মুখপাত্র হিসাবে গণ্য করা হয়ে থাকে। আগামী মে মাসে আয়োজিত গণভোটে জান্তা সরকারের রচিত সংবিধান অনুমোদন করার জন্য শুক্রবার জনগণকে আহ্বান জানিয়েছে পত্রিকাগুলো। তবে গাম্বারি বলছেন, এই গণভোট অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। আগামী মে মাসে একটি সাংবিধানিক গণভোট এবং ২০১০ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠান নিয়ে মিয়ানমারের জেনারেলরা গত মাসে এক অপত্যাশিত ঘোষণা দেওয়ার পর তাদের সঙ্গে এবার গাম্বারির প্রথম সরাসরি সাক্ষাৎ হবে। তবে মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, গাম্বারির উচিত হবে জেনারেলদের এ বিষয়টি জানানো যে আতঙ্কগ্রস্ত জনগণকে একটি সাজানো গণভোটে অংশ নিতে বাধ্য করা হলে তা বার্মার গণতন্ত্র বা সংহতিকে এগিয়ে নেবে না। ২০০৬ সালে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর দেশটিতে গাম্বারির এটি পঞ্চম সফর। মিয়ানমারের আটক গণতন্ত্রপন্থি নেত্রী ও শান্তিতে নোবেল জয়ী অং সান সু চিসহ দেশটির সব রাজবন্দির মুক্তির চেষ্টা চালিয়ে আসছেন গাম্বারি। পাশাপাশি মিয়ানমার সরকার এবং বিরোধীদলের মধ্যে আলোচনা শুরু করারও চেষ্টা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩০ঘ.