২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শিক্ষক হচ্ছেন টনি ব্লেয়ার

শান্তি দূতের পর এবার শিক্ষকতায় যোগ দিচ্ছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে দেখা যাবে ৫৪ বছর বয়সী ব্লেয়ারকে। ইয়েলে "ফেইথ অ্যান্ড গ্লোবালাইজেশন" নামের বিশেষ একটি কোর্স পড়াবেন তিনি। শুক্রবার বিশ্ববিদ্যালয়টি একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

বোস্টন, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শান্তি দূতের পর এবার শিক্ষকতায় যোগ দিচ্ছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে দেখা যাবে ৫৪ বছর বয়সী ব্লেয়ারকে। ইয়েলে "ফেইথ অ্যান্ড গ্লোবালাইজেশন" নামের বিশেষ একটি কোর্স পড়াবেন তিনি। শুক্রবার বিশ্ববিদ্যালয়টি একথা জানিয়েছে। ইয়েল কর্তৃপক্ষ জানিয়েছে, টনি ব্লেয়ার 'হাউল্যান্ড ডিস্টিংগুইস্ড ফেলো' পদে নিয়োগ পেয়েছেন। ১৯১৫ সাল থেকে চালু হওয়া এ পদে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বরেণ্য সাংবাদিক স্যার অ্যালিস্টার কুক এর মতো বিখ্যাত লোকেরা দায়িত্ব পালন করেছেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। গত বছর ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়ার পর তিনি 'চতুর্পক্ষীয় মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের' বিশেষ শান্তিদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, কনেকটিকাটের নিউ হ্যাভেন ক্যাম্পাসের ওই অর্ধ-বার্ষিক কোর্সটি পড়ানোর পাশাপাশি ক্যাম্পাসটির অন্যান্য অনুষ্ঠানেও অংশ নেবেন ব্লেয়ার। বিশ্ববিদ্যালয়টি আরও জানায়, শিক্ষকতা শুরু করার আগেই লন্ডনে "ব্লেয়ার ফেইথ ফাউন্ডেশন" প্রতিষ্ঠারও পরিকল্পনা করছেন ব্লেয়ার। আধুনিক বিশ্বে ধর্মের ভূমিকা অন্বেষণ এবং খ্রিস্টান, ইসলাম ও ইহুদি মতবাদের মধ্যকার বোঝাপড়ার অগ্রগতি সাধনের লক্ষ্যে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তিনি। ১৯৯৪ সালে ব্রিটেনের লেবার পার্টির নেতা নির্বাচিত হন ব্লেয়ার। এর তিন বছর বাদে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। এরপর তিনি প্রায় এক দশক ব্রিটেনের নেতৃত্ব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৫৫০ ঘ.