শিকাগো, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হিলারির বিদেশনীতি রিপাবলিকানদের ব্যর্থ বিদেশনীতির মতোই হবে এবং ডেমোক্র্যাট হয়েও জাতীয় নিরাপত্তা ইস্যুতে তিনি রিপাবলিকানদের মতোই আচরণ করবেন।
টেক্সাস, ওহাইয়ো ও রোডস আইল্যান্ডে সিনেটর হিলারি ক্লিনটনের কাছে পরাস্ত হওয়ার পর বৃহস্পতিবার সিনেটর বারাক ওবামার নির্বাচনী শিবির এভাবেই হিলারির বিদেশ নীতি নিয়ে আক্রমণ করে।
ওবামার নির্বাচনী শিবিরের উপদেষ্টা গ্রেগ ক্রেইগ এক সংবাদ সম্মেলনে বলেছেন, " আমার মনে হয় সিনেটর ক্লিনটনের ধারণা, রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে বিতর্কে পরাজিত করার ভাল উপায় হল ম্যাককেইন যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা, তিনি যেভাবে কাজ করেন তা করা এবং তিনি যেভাবে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভোট দেন সেভাবে ভোট দেওয়া।"
২০০২ সালে ইরাক যুদ্ধকে সমর্থন করে প্রেসিডেন্ট বুশের যুদ্ধনীতির পক্ষে হিলারির ভোট দেওয়ার ঘটনাকে ইঙ্গিত করে তিনি ওই সমালোচনা করেন।
ওবামার উপদেষ্টা বলেন, "এ ধরনের মনোভাবের কারণেই অতীতেও ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছে নিরাপত্তা বিতর্কে পরাজিত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24