কলম্বো, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলের সংঘর্ষে ৩৮ তামিল গেরিলা ও চার সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক মুখপাত্র জানায়, "সেনাবাহিনী ৩৮ তামিল গেরিলাকে হত্যা করেছে।" সেইসঙ্গে তিনি আরও জানান, ওই সংঘর্ষে চার সেনা নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত হয়েছে।
ওই মুখপাত্র আরও জানান, ভাভুনিয়ার উত্তরাঞ্চল জাফনা, পোলোন্নারুয়া এবং উত্তর পশ্চিমের মান্নার অঞ্চলের তামিল নিয়ন্ত্রিত ভূ-খন্ড এবং শ্রীলংকার সরকার নিয়ন্ত্রিত ভূ-খন্ডের সীমান্তে এই সংঘর্ষ হয়েছে।
তামিল গেরিলারা শ্রীলংকার উত্তর পূর্বাঞ্চলে তামিলদের জন্য একটি স্বাধীন ভূ-খন্ডের দাবিতে ২৫ বছর ধরে সশস্ত্র সংগ্রাম করে আসছে।
শুক্রবারের ওই সংঘর্ষ সম্পর্কে তামিল বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এ বছর জানুয়ারির মাঝামাঝি শ্রীলংকার সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিরতি ভেঙ্গে দেওয়ার পর দু'দলের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫৭ঘ.
bdnews24