ইসলামাবাদ, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর পরপরই নতুন জোট সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। তবে তিনি বলেছেন, যতদিন শান্তি বজায় থাকবে ততদিনই কেবল সরকারকে সহযোগিতা করবেন তিনি।
বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রাপ্ত আসন অনুপাতে সংরক্ষিত আসন বরাদ্দসহ মোট ১২০টি আসন পেয়ে শীর্ষ স্থানে রয়েছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর দল পিপিপি। আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের দল ৯০ টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
আনুষ্ঠানিক ফল ঘোষণার মধ্য দিয়ে নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্টের অধিবেশন ডাকার পথ সৃষ্টি হল প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের। অধিবেশন ডেকে শীর্ষ অবস্থানে থাকা দল পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) সরকার গঠনের আহ্বান জানাবেন তিনি।
কিন্তু প্রধানমন্ত্রী পদের জন্য দলীয় মনোনয়নের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি পিপিপি-তে। পিপিপির নতুন নেতা বেনজিরের স্বামী আসিফ আলি জারদারি পার্লামেন্ট সদস্য না হওয়ায় তিনি এর যোগ্য নন। ফলে দীর্ঘদিন ধরে দলের উপনেতার দায়িত্ব পালন করা প্রবীণ রাজনীতিক মাখদুম আমিন ফাহিম প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে।
সিন্ধু প্রদেশে এক অনুষ্ঠানে মুশাররফ বলেছেন, "কেন্দ্রে এবং প্রদেশগুলোতে পরবর্তী পাঁচ বছর মেয়াদের জন্য টেকসই ও স্থিতিশীল সরকার গঠন করতে হবে।"
তিনি বলেন, "আমি এটা নিশ্চিত করছি যে, শান্তি বজায় থাকলে যে জোট গঠিত হচ্ছে তাদের পুরোপুরি সহযোগিতা করব আমি।"
যদিও পিপিপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা গ্রহণের পরই মুশাররফকে পদচ্যুত করার চেষ্টা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পার্লামেন্টের মোট আসন সংখ্যা ৩৪২ টি হলেও ১৮ জনুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয় মোট ২৭২ টি আসনে। নারী ও সংখ্যালঘুদের জন্য রক্ষিত বাকী ৭০ টি আসনের মধ্যে ৬০ টি বিজয়ী দলগুলোর মধ্যে তাদের প্রাপ্ত ভোটের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে।
আদালতের আপত্তি এবং প্রার্থী মনোনয়নে বিলম্বের জন্য আইনি জটিলতার কারণে সংরক্ষিত আসনের ১০ টিসহ মোট ১১ টি আসনের ফল পরে ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল:
পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)---------------১২০টি আসন
পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) -------------- ৯০ '' ''
পাকিস্তান মুসলিম লীগ (কিউ) ----------------- ৫১ '' ''
মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) --------- ২৫ '' ''
আওয়ামী ন্যাশনাল পাটি (এএনপি) ------------- ১৩ '' ''
মুত্তাহিদা মজলিশ-ই-আমল--------------------- ৬ '' ''
অন্যান্য দল ---------------------------------- ৮ '' ''
স্বতন্ত্র প্রার্থী ---------------------------------- ১৮ '' ''
ফলাফল স্থগিত ------------------------------- ১১ '' ''
.............................................................................
মোট আসন: ৩৪২ টি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24