২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউলের কিউবার সঙ্গে নতুন মিত্রতার খোঁজে ইইউ

নতুন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর কিউবার সঙ্গে সুসম্পর্ক গড়তে চাইছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ উদ্দেশ্যে ইইউ এর শীর্ষ উন্নয়ন সহায়তা কর্মকর্তা বৃহস্পতিবার কিউবায় পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

হাভানা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম/রয়টার্স)- নতুন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর কিউবার সঙ্গে সুসম্পর্ক গড়তে চাইছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ উদ্দেশ্যে ইইউ এর শীর্ষ উন্নয়ন সহায়তা কর্মকর্তা বৃহস্পতিবার কিউবায় পৌঁছেছেন। ইইউ এর এইড কমিশনার লুইস মিশেল শুক্র অথবা শনিবার রাউলের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো অসুস্থ হয়ে পড়ার পর থেকে প্রায় আট মাস অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর গত ২৪ ফেব্র"য়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেন রাউল। ফিদেলের সঙ্গে ইউরোপের সম্পর্ক মোটেও উষ্ণ ছিল না। মিশেলের মুখপাত্র জন ক্লাঞ্চি ব্রাসেলসে রয়টার্সকে বলেন, "দীর্ঘদিন পর কিউবায় ক্ষমতার পরিবর্তনে নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। এই প্রেক্ষিতে রাউলের সঙ্গে গঠনমূলক রাজনৈতিক সংলাপ আশা করছেন মিশেল।" তিনি বলেন, "কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে রাউলের ভবিষ্যৎ পরিকল্পনা জানার ইচ্ছা নিয়েই মিশেল কিউবা সফরে গেছেন।" গত ২০০৩ সালে ৭৫ ভিন্নমতালম্বীকে জেলে পাঠানো ও একটি ফেরি হ্যাইজ্যাক করে যুক্তরাষ্ট্রে পালানোর সময় আটক তিন জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর হাভানার সঙ্গে ব্রাসেলসের সম্পর্ক ছিন্ন হয়। ফিদেল তখন ইইউকে জানিয়ে দিয়েছিলেন কিউবার জন্য ইইউ'র সাহায্য প্রয়োজন হবে না। ২০০৫ সালে কিউবার ওপর থেকে কূটনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও কিউবার সঙ্গে পুনরায় সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে বিভক্ত হয়ে পড়ে ইইউ। ২০০৩ সালে জেলে পাঠানো ৭৫ ভিন্নমতালম্বীর মধ্যে ৫৯ জন এখনও আটক আছে। কিছু ইউরোপীয় সরকার চাইছে কিউবার সঙ্গে আলোচনা শুরুর আগে কিউবা আরও বেশি রাজবন্দির মুক্তি দেবে। হাভানায় ইইউ 'চার্জ দ্য অ্যাফেয়ার্স' জেভিয়ার নিনো জানান, সংলাপের মধ্য দিয়ে কিউবার সঙ্গে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার সময় এসেছে। তিনি রয়টার্সকে বলেন, "আমরা আশা করছি মিশেলের এই সফরের মধ্য দিয়ে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪১৫ ঘ.