২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান গুয়েহেন্নো বিদায় নিচ্ছেন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান জ্যঁ-মারি গুয়েহেন্নো আট বছর দায়িত্ব পালন শেষে চলতি বছরের মাঝামাঝি বিদায় নেবেন। জাতিসংঘ কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 06:41 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

জাতিসংঘ, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান জ্যঁ-মারি গুয়েহেন্নো আট বছর দায়িত্ব পালন শেষে চলতি বছরের মাঝামাঝি বিদায় নেবেন। জাতিসংঘ কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, ৫৮ বছর বয়স্ক ফরাসি কুটনীতিক গুয়েহেন্নো জানিয়েছেন, চলতি বছরের জুন মাসে তার বর্তমান চুক্তি শেষ হওয়ার পর তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। তবে গুয়েহেন্নোর চলে যাওয়ার বিষয়ে জাতিসংঘ কর্মকর্তারা বিশেষ কোনো ব্যাখ্যা দেননি। তারা জানান, তিনি মনে করছেন বিদায় নেওয়ার এটাই উপযুক্ত সময়। ফরাসি নাগরিকদের মধ্যে গুয়েহেন্নোই জাতিসংঘের সবচেয়ে শীর্ষ পদে আছেন। জাতিসংঘ সূত্র পরামর্শ দিয়েছে, শীর্ষ পদগুলোর জন্য ফ্রান্সের চেষ্টা করা উচিৎ। জাসিংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান হিসেবে তিনিই সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করছেন। তার এই সময়ে জাতিসংঘ শান্তিরক্ষী সেনার সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে এক লাখ হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে শান্তিরক্ষা মিশনের জন্য বাজেট ২ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার হয়েছে। গুয়েহেন্নোর সময়ে জাতিসংঘ নতুন করে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করেছে লাইবেরিয়া, আইভোরি কোস্ট, হাইতি, সুদান ও পূর্ব তিমুরে। এগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন সুদানে। এ বছর সেখানে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের সঙ্গে জাতিসংঘের ২৬ হাজার সেনা ও পুলিশ মোতায়েন শুরু হয়েছে। কোনো দেশে জাতিসংঘের এটাই সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী মোতায়েন। গুয়েহেন্নো বিগত কয়েক মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সুদান সরকারের বিরুদ্ধে কয়েকটি কড়া প্রতিবেদন দিয়েছেন। এতে তিনি অভিযোগ করেছেন, দারফুরে শান্তিরক্ষী ও জাতিসংঘ কর্মীদের কাছে প্রয়োজনীয় সরবরাহ পাঠাতে বাধা দিচ্ছে সুদান সরকার। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, তার আমলে শান্তিরক্ষীদের দারফুর ও কঙ্গোর মতো অধিকতর সংঘাতময় অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এছাড়া গুয়েহেন্নো শান্তিরক্ষীদের আচরণ পরিবর্তনের ওপর অধিকতর গুরুত্ব দিয়েছেন। হাইতি, লাইবেরিয়া ও কঙ্গো ছাড়াও বিভিন্ন দেশে শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ আছে। বসনিয়া ও রুয়ান্ডায় গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ১৯৯০ এর দশক জুড়ে জাতিসংঘ শান্তিরক্ষীদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১২৩৪ ঘ.