২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সফরে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো আগামী সপ্তাহে ইরান সফরে যাচ্ছেন। এ সফরে তিনি তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়েও ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করবেন। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 11:27 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

জাকার্তা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো আগামী সপ্তাহে ইরান সফরে যাচ্ছেন। এ সফরে তিনি তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়েও ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করবেন। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার কর্মকর্তারা একথা জানিয়েছেন। পরমাণু সমৃদ্ধকরণ এবং অন্যান্য স্পর্শকাতর কর্মসূচি স্থগিত করতে রাজি না হওয়ায় সোমবার ইরানের ওপর তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওই নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত প্রস্তাবে ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪টি পক্ষে ভোট দিলেও কেবল ইন্দোনেশিয়াই ভোট দেওয়া থেকে বিরত থাকে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আশঙ্কা, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে ইরান। অবশ্য, ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং শুধুই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিনো পাত্তি ডিজালাল জানান, প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো সোমবার ইরান উদ্দেশ্যে রওনা হবেন। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং শীর্ষ নেতা আলী খামেনির সঙ্গে আলোচনা করবেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কথা উল্লেখ করে ডিজালাল বলেন, "ইন্দোনেশিয়ার অবস্থান এ বিষয়ে অপরিবর্তিত রয়েছে যে আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের বিদ্যুৎ উৎপাদনকে সমর্থন করি এবং আমরা চাই ইরান আইএইএ'র সঙ্গে তাদের সহযোগিতা বাড়াক।" ইয়োধাইয়োনোর এ ইরান সফরে উভয় পক্ষের মধ্যে জ্বালানি খাতে বৃহত্তর সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৪ ঘ.