কারাকাস, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্দিজ অঞ্চলে অব্যাহত উত্তেজনার প্রেক্ষাপটে বুধবার কলম্বিয়া সীমান্তে বড় আকারে স্থল, নৌ ও বিমানবাহিনী মোতায়েন করেছে ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্তে ১০ ব্যাটালিয়ন ট্যাঙ্ক পাঠিয়েছে এবং বিমানবাহিনীকে সক্রিয় করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, এ ধরণের মোতায়েনে প্রায় ২০০ ট্যাঙ্ক পাঠানো হতে পারে।
ভেনেজুয়েলার এই ধরণের বড় আকারের সেনা মোতায়েনের ফলে আন্দিজ সংকট নিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে। ইকুয়েডরও ইতিমধ্যে কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েন করেছে। তবে ফার্ক গেরিলাদের প্রশ্রয় দেওয়ায় প্রতিবেশীদের ভর্ৎসনা করে কলম্বিয়া জানিয়েছে, তারা সীমান্তে অতিরিক্ত সেনা মোতয়েন করবে না।
গত শনিবার কলম্বিয়ার সেনারা ইকুয়েডরের ভেতরে অভিযান চালিয়ে কলম্বিয়ার গেরিলা সংগঠন এফআরএসি (ফার্ক) এর এক শীর্ষ নেতাকে হত্যা করে। এর পর থেকে আন্দিজ পর্বতমালা সংলগ্ন ইকুয়েডর, কলম্বিয়া এবং ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উত্তেজনা প্রশমনের জন্য বিশ্বব্যাপী বিভিন্ন দেশের আহ্বান সত্ত্বেও ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র একে অপরকে সংকট ঘনিভূত করার জন্য দোষারোপ করেই যাচ্ছে।
কলম্বিয়ার সেনারা প্রতিবেশী অন্য কোনো দেশে আবারও এ ধরণের অভিযান চালালে ওই অঞ্চলে পুরোমাত্রায় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোনো কর্মকাণ্ড তার দেশ সহ্য করবে না।
শ্যাভেজ প্রশাসনের 'উস্কানিমূলক পদক্ষেপের' সমালোচনা করে বুশ বলেন, "এলকাটিকে অস্থিতিশীল করে তুলতে পারে এমন যে কোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র।"
রাজধানী কারাকাসে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়ের কোরেয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শ্যাভেজ বলেন, "আমাদের সেনা মোতয়েন সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক। হুমকির মুখে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই সেনা মোতায়েন করা হয়েছে।"
তিনি আরও বলেন, "তারা যুদ্ধ চাইছে, আমরা শান্তির পক্ষে।"
কলম্বিয়ার বিরুদ্ধে সমর্থন আদায়ের জন্য রাফায়ের কোরেয়া বর্তমানে ওই অঞ্চলের বিভিন্ন দেশ সফর করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৪২০ ঘ.
bdnews24