লাহোর, পাকিস্তান, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স) --- পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে নৌবাহিনীর একটি কলেজের প্রবেশপথে আত্মঘাতী ট্রাক বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে বুধবার ৬ জনকে জেরা করেছে পুলিশ।
পুলিশ সুপারিন্টেনডেন্ট চৌধুরি মাসুদ আজিজ বলেছেন, "আমরা কাউকে আটক কিংবা গ্রেপ্তার করিনি। তবে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছি। মোটরবাইকের মালিককে খুঁজে বের করতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি আমরা।"
নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেইন আকরাম নাকি বলেছেন ,"হামলাকারীর ছিন্নভিন্ন হয়ে যাওয়া অঙ্গপ্রত্যঙ্গ তারা উদ্ধার করেছেন।"
মঙ্গলবার ওই হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়। প্রাথমিক হামলায় হামলাকারীসহ ৪ জন নিহত হয়। পরবর্তী আরেকটি হামলায় নিহত হয় আরও দুজন। নৌবাহিনীর কর্মকর্তারা রয়টার্সকে একথা জানান। পাকিস্তানে ৫ দিনের মধ্যে এটি চতুর্থ আত্মঘাতী হামলার ঘটনা।
প্রাথমিক খবরে প্রত্যক্ষদর্শীরা জানান, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে অবস্থিত 'পাকিস্তান নেভি ওয়ার কলেজ' এর কাছে দুটি বিস্ফোরণের শব্দ তারা শুনতে পেয়েছেন। তারা আরও জানান, এর কায়েক মিনিট পরই শহরের অন্য এলাকায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।
নৌবাহিনীর মুখপাত্র রয়টার্সকে জানান, একজন বা দুজন আত্মঘাতী হামলাকারী লাহোরের নৌবাহিনীর কলেজের প্রবেশপথ অভিমুখে ট্রাক চালিয়ে আসে। বিস্ফোরণে হামলাকারীরাসহ ওই কলেজের একজন নৌ-স্টাফ নিহত হন। তবে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানায়, বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে।
টেলিভিশনচিত্রেও কলেজের গেটের কাছে একটি ক্ষতিগ্রস্ত ট্রাকের ছবি দেখা গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত জরুরি গাড়ি চলাচলও করতে দেখা গেছে।
প্রসঙ্গত, পাকিস্তানে গত কয়েক মাস ধরে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের মদদপুষ্ট জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর শুধু এ বছরের শুরু থেকে এ পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট সহিংসতায় প্রাণহানি হয়েছে পাঁচ শতাধিক লোকের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৩ ঘ.
bdnews24