২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোট নিয়ে তাইওয়ানকে সতর্ক করল চীন

জাতিসংঘে যোগদান প্রশ্নে গণভোট অনুষ্ঠানের ব্যাপারে তাইওয়ানকে সতর্ক করে দিয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছেন, নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে স্বশাসিত তাইওয়ান এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বেইজিং, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘে যোগদান প্রশ্নে গণভোট অনুষ্ঠানের ব্যাপারে তাইওয়ানকে সতর্ক করে দিয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছেন, নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে স্বশাসিত তাইওয়ান এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। পার্লামেন্টের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী দিনে ওয়েন বলেন, "চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় চীনের জনগণ ও তাইওয়ানে আমাদের স্বদেশবাসীদের মতামতকে অবশ্যই মূল্য দিতে হবে।" ১৯৪৯ সালে গৃহযুদ্ধের পর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে তাইওয়ানকে নিজেদের প্রদেশ বলে দাবি করে আসছে চীন। তবে তাইওয়ান দাবি করে তারা স্বাধীন। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা হবে কি হবে না এই প্রশ্নে আগামী ২২ মার্চ তাইওয়ানে গণভোট অনুষ্ঠিত হবে। তবে চীনসহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ও জাপান এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য তাইওয়ানকে সতর্ক করে আসছে। তবে এই গণভোট পাশ হলেও চীন একে তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা হিসেবে বিবেচনা করবে এবং জাতিসংঘে এর বিরুদ্ধে ভেটো দেবে। প্রধানমন্ত্রী ওয়েন জানিয়েছেন, তাইওয়ানের স্বাধীনতা প্রশ্নে যে কোনো পদক্ষেপ চীন ব্যর্থ করে দেবে। তিনি বলেন, "চীনের দুই অংশের একত্রীকরণ কোনোভাবেই রোধ করা যাবে না।" এ ক্ষেত্রে তিনি আবারও তাইওয়ানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি আরও বলেন, "বিভিন্ন বিতর্কিত ইস্যু সমাধানে 'এক চীন' নীতির ভিত্তিতে দুই অংশের মধ্যে দ্রুত আলোচনা শুরুর জন্য আমরা কাজ করব।" 'এক চীন' বলতে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ানের একক সার্বভৌমত্ব বোঝানো হয়। তবে আলোচনা শুরুর পূর্ব শর্ত হিসেবে 'এক চীন' কে অযৌক্তিক বলে জানিয়েছে তাইওয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.