২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জারদারির পাঁচটি দুর্নীতি মামলা প্রত্যাহার

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির বিরুদ্ধে দায়ের করা পাঁচটি দুর্নীতি মামলা বুধবার প্রত্যাহার করেছে পাকিস্তানের আদালত। জারদারির আইনজীবী একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 10:55 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ইসলামাবাদ, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির বিরুদ্ধে দায়ের করা পাঁচটি দুর্নীতি মামলা বুধবার প্রত্যাহার করেছে পাকিস্তানের আদালত। জারদারির আইনজীবী একথা জানিয়েছেন। জারদারির নেতৃত্বে পাকিস্তানে গত ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে জয়ী হয় পিপিপি। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য পিপিপি এখন অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করছে। এ অবস্থায় আগামী সরকারের গুরুত্বপূর্ণ পদ গ্রহণে জারদারির পথ পরিস্কার করতে তার দুর্নীতি মামলা প্রত্যাহার বড় ধরনের পদক্ষেপ। জারদারির আইনজীবী ফারুক নায়েক রয়টার্সকে বলেন, "পাঁচটি দুর্নীতি মামলা থেকে আদালত জারদারিকে অব্যাহতি দিয়েছে এবং মামলাগুলো প্রত্যাহার করা হবে।" তিনি বলেন, "জারদারির সম্পদ বাজেয়াপ্তকরণের সব আদেশ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।" গত মাসের নির্বাচনে জারদারির দল পিপিপি জয়লাভ করলেও তিনি নিজে নির্বাচন করতে পারেননি। পাকিস্তানে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন করতে পারেন না। সেক্ষেত্রে জারদারি সাজাপ্রাপ্ত না হলেও তার বিরুদ্ধে দুর্নীতি মামলা ছিল। পাকিস্তানে প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদের সদস্য হতে হলে তাকে অবশ্যই পার্লামেন্টের সদস্য হতে হয়। যদিও জারদারি জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা তার নেই। দল থেকে প্রধানমন্ত্রী মনোনীত করতে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসবে পিপিপি। ১৯৯৬ সালে দুর্নীতির অভিযোগে অপসারিত বেনজিরের দ্বিতীয় মেয়াদের সরকারে মন্ত্রী ছিলেন জারদারি। বেনজির ও জারদারি দুজনের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ থাকলেও তারা এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করে এসেছেন। তবে জারদারি বিভিন্ন অভিযোগে ১১ বছর জেল খেটেছেন। এছাড়া, আত্মঘাতী হামলায় বেনজির নিহত হওয়ার পর সরকার তার সব দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪৩৫ ঘ.