ওয়াশিংটন, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দেশের 'সংবিধানের বিরুদ্ধে অপরাধ' করে ইরাকে যুদ্ধের কারণে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে গ্রেপ্তার ও 'ইমপিচ' করার দাবিতে মঙ্গলবার ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের দুটি শহরের বাসিন্দারা। রাজ্যের অন্যান্য শহরেও বুশ ও চেনিকে ইমপিচ করার দাবিতে ভোট হয়। এসব ভোটে অবিলম্বে ইরাক যুদ্ধ বন্ধ করার দাবি জানানো হয়েছে।
উদারপন্থী রাজনীতির জন্য পরিচিত ভারমন্ট রাজ্যের আইনপ্রণেতারা বুশ ও চেনিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেন। ওই প্রস্তাবটি কার্যকরের কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও এতে রাজ্য পুলিশকে বুশ ও চেনিকে গ্রেপ্তার করে "তাদের বিচারের আওতায় আনতে পারে এমন কোনো কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তরের" কথা বলা হয়েছে।
ভারমন্টের শহরগুলোর নাগরিকরা ইরাক যুদ্ধের কারণে বুশ ও চেনিকে ইমপিচ করার কথা বলেন। এর মধ্যে ব্র্যাট্টেলবরো ও মার্লবরোর বাসিন্দারা একে "সংবিধানের বিরুদ্ধে অপরাধ" হিসেবেও চিহ্নিত করেন।
ব্র্যাট্টেলবরো শহরের জনসংখ্যা মাত্র ১২,০০০ এবং মার্লবরোর জনসংখ্যা মাত্র ১,০০০।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের মধ্যে বুশ কখনোই ভারমন্ট রাজ্য সফরে আসেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24