২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভো প্রশ্নে ইইউ বিরোধী প্রস্তাবনার পথে সার্বিয়া

কসোভোর স্বাধীনতায় সমর্থন প্রত্যাহার না করলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সব ধরনের সম্পর্ক চ্ছিন্ন করে কয়েক দিনের মধ্যে একটি প্রস্তাবনা গ্রহণ করতে পারে সার্বিয়ার পার্লামেন্ট ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বেলগ্রেড, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কসোভোর স্বাধীনতায় সমর্থন প্রত্যাহার না করলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সব ধরনের সম্পর্ক চ্ছিন্ন করে কয়েক দিনের মধ্যে একটি প্রস্তাবনা গ্রহণ করতে পারে সার্বিয়ার পার্লামেন্ট । জাতীয়তাবাদী 'র‌্যাডিকাল পার্টি' মঙ্গলবার খসড়া প্রস্তাব পার্লামেন্টে উপস্থাপন করেছে। প্রধানমন্ত্রী ভোজিস্লাব কস্তুনিকার দল এবং সাবেক প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসোভিচের দল এই প্রস্তাব ইতিমধ্যে সমর্থন করেছেন। ২৫০ আসনের সার্ব পার্লামেন্টে এই তিনটি দলের আছে ১৪৪টি আসন। সার্বিয়ার প্রদেশ কসোভো গত ১৭ ফেব্র"য়ারি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব তাদের সমর্থন দিলেও ইইউ এর ভূমিকা ছিল এর পেছনে সবচেয়ে বেশি। তারা আগে থেকেই কসোভোকে স্বাধীনতা ঘোষণায় অভয় দিয়ে এসেছে এবং স্বাধীন কসোভোর প্রাথমিক প্রশাসন চালানের জন্য তারা একটি প্রতিনিধি মিশনও পাঠিয়েছে। সার্ব পার্লামেন্টে উত্থাপিত খসড়া প্রস্তাবে কসোভোয় ইইউ'র 'অবৈধ' মিশনের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এছাড়া ইইউ'র যে সমস্ত দেশ ইতিমধ্যে কসোভোকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছে তাদেরকে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। প্রস্তাবে বলা হয়, "আমরা, সার্বিয়ার জনগণের প্রতিনিধিরা ইইউকে সতর্ক করে দিচ্ছি, ইউরোপের ঐক্যের ব্যাপারে আলোচনার জন্য সার্বিয়ার একটি খণ্ডিত অংশ নয়, কেবল মাত্র গোটা সার্বিয়ারই সে অধিকার আছে।" এতে আরও বলা হয়, "ইইউ'র সঙ্গে সহযোগিতার শর্ত হিসেবে ইইউকে পরিস্কার ও দ্ব্যর্থহীনভাবে সার্বিয়ার অখণ্ডতা নিশ্চত করার আহ্বান জানাচ্ছে পার্লামেন্ট।" প্রস্তাবটি পার্লামেন্টে বুধবার আলোচনার দাবি জানিয়েছিল 'র‌্যাডিকাল পার্টি'। কিন্তু অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য নির্ধারিত থাকায় প্রস্তাবটিতে ভোটাভুটি হতে ১০ দিন লেগে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৫৪৫ ঘ.